নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডেঙ্গু নিয়ে চাপ ছিলই। এবার তার দোসর হয়ে চিন্তা বাড়িয়েছে ম্যালেরিয়া। গত বছর আগস্ট মাসে মশাবাহিত এই রোগে দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছিলেন ১২২ জন। এই আগস্টে তা ২০০ ছড়িয়ে গিয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, আক্রান্তদের বড় অংশই পরিযায়ী শ্রমিক। চিকিৎসকদের ধারণা, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে তাঁরা সম্ভবত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন এবং অসুস্থ শরীরে বাড়ি ফিরে এসেছেন। যদিও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলেই তাঁদের দাবি। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ মুক্তিসাধন মাইতি বলেন, ‘সবপক্ষকে সচেতন করা হচ্ছে। পরিস্থিতি এখনও উদ্বেগের জায়গায় যায়নি। আমরা বিষয়টির উপর নজর রাখছি।’ ডেঙ্গু প্রতিরোধে সর্বত্রই পদক্ষেপ করেছে প্রশাসন। কিন্তু আড়ালে বেড়েছে ম্যালেরিয়া। পরিযায়ী শ্রমিকদের একাংশ সম্প্রতি ধূম জ্বর নিয়ে বাড়ি ফিরেছে। তাঁদের রক্ত পরীক্ষার পর দেখা যাচ্ছে, বেশিরভাগই ম্যালেরিয়ায় আক্রান্ত। এই শ্রমিকরা মূলত সুরাত থেকে এসেছেন বলে জানা গিয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, পুজোর আগে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। কারণ সেই সময় পরিযায়ী শ্রমিকদের বড় অংশ বাড়ি ফিরবে। তাঁদের কেউ কেউ রোগ-ব্যাধি নিয়ে আসতে পারেন। তাতে বেশিরভাগেরই মশাবাহিত রোগ ধরা পড়ার সম্ভাবনা প্রবল। এমন অভিজ্ঞতা আগের বছরেও হয়েছিল বলে দাবি চিকিৎসকদের। পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি এলাকার মানুষও আক্রান্ত হচ্ছেন ম্যালেরিয়ায়। জমা জল পরিষ্কার না হওয়া ও জনসাধারণের অসতর্কতামূলক আচরণই দায়ী। ফলে ভুগতে হচ্ছে বাসিন্দাদের একাংশকে। এই স্বাস্থ্য জেলায় আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত ডেঙ্গু ও ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা প্রায় সমান (২৩৫)। গতবারের নিরিখে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা খানিকটা কমেছে।



