সংবাদদাতা, নাগরাকাটা: নিয়ম রয়েছে চেয়াম্যানের শপথ গ্রহণের পর থেকে ৩০ দিনের মধ্যে ভাইস চেয়ারম্যান নিয়োগ করতে হবে। কিন্তু, মালপুরসভার ক্ষেত্রে সে নিয়ম মেনে এখনও ভাইস চেয়ারম্যান পদে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। চেয়ারম্যানের শপথগ্রহণের ৩০ দিন পেরোনোর সময় চলে এলেও মাল পুরসভার ভাইস চেয়ারম্যানের আসনে কে বসবেন, তা ঠিকই করতে পারেনি তৃণমূল। অন্ধকারে কাউন্সিলাররাও। যদিও এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ জানিয়েছেন, কাকে ভাইস চেয়ারম্যান করা হবে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে দ্রুতই ভাইস চেয়ারম্যান নিয়োগ করা হবে।
যাই হোক না কেন, মালপুরসভার চেয়ারম্যান পদ নিয়ে দীর্ঘদিন ধরে যেমন টানাপোড়েন চলছিল, তেমনই ভাইস চেয়ারম্যান নিয়েও কি সেই টানাপোড়েন অব্যাহত থাকবে? এবার সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পুরসভার অন্দরমহলে।
গত ফেব্রুয়ারির ১৭ তারিখে চেয়ারম্যান হিসেবে শপথ নেন উৎপল ভাদুড়ি। এর জেরে ভাইস চেয়ারম্যান পদটি খালি হয়ে যায়। এরপর কাউন্সিলার সরিতা গিরি, মনিকা সাহা, পুলিন গোলদার, মঞ্জুদেবী মোর, এই চারজনের নাম ভাইস চেয়ারম্যান হিসেবে শোনা যাচ্ছিল। কিন্তু, চেয়ারম্যান শপথগ্রহণের পর থেকে ভাইস চেয়ারম্যান পদে কাকে বসানো হবে, কে সেই দায়িত্ব পাবেন তা নিয়ে যেন পুরসভার মাথাব্যাথাই নেই।
সোমবার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পুলিন গোলদার বলেন, পুরআইন অনুযায়ী চেয়ারম্যানের শপথ গ্রহণের ৩০ দিনের মধ্যে ভাইস চেয়ারম্যান নিয়োগ করতে হয়। পুরবাসীর স্বার্থে দ্রুত মালপুরসভার ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ করা উচিত। এই ব্যাপারে মাল পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বর্তমান চেয়ারম্যান উৎপল ভাদুড়ি বলেন, ভাইস চেয়ারম্যান কে হবেন এবং কাকে করা হবে তা দল ঠিক করবে। তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ জানিয়েছেন, দ্রুতই এই সিদ্ধান্ত নেওয়া হবে।