


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১২ রাজ্যে প্রায় সাড়ে ৫ কোটি ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। যাদের সিংহভাগই হিন্দু। এতদিন বিরোধীরা কটাক্ষ করেছে। আক্রমণ করেছে। এবার এসআইআর নিয়ে বিজেপির অন্দরেই প্রশ্ন উঠছে। যে রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলছে, তার মধ্যে মধ্যপ্রদেশ, কেরল, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, বাংলা, আন্দামান নিকোবরে এখনও পর্যন্ত যে সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে, তার মধ্যে সিংহভাগ হিন্দু বাদ গিয়েছে। রোহিঙ্গা অথবা বাংলাদেশি অনুপ্রবেশকারীর খোঁজ মেলেনি।
কেরলে ২৪ লক্ষ নাম এ পর্যন্ত বাদ গিয়েছে। মধ্যপ্রদেশে বাদ গিয়েছে ৪২ লক্ষ নাম। ছত্তিশগড়ে ২৭ লক্ষ। আন্দামানে ৬৪ হাজার। উত্তরপ্রদেশে ২ কোটি ৯০ লক্ষ, তামিলনাড়ুতে ৯৭ লক্ষ এবং বাংলায় ৫৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল ৩১ ডিসেম্বর। কিন্তু আবার সেই সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। বিস্ময়করভাবে সবথেকে বেশি নাম বাদ ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে আন্দামানে। আন্দামানের মতো ক্ষুদ্র এক কেন্দ্রশাসিত অঞ্চলে ২০ শতাংশ নাম বাদ চলে গিয়েছে।
কেরল, বাংলা, তামিলনাড়ুতে আগামী বছর নির্বাচন। এই রাজ্যগুলিতে তো বটেই, কার্যত ১২ রাজ্যের সর্বত্র খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার আগে ও পরে যত নাম বাদ গিয়েছে সেই সংখ্যা এখনই ছাপিয়ে গিয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ পরবর্তী প্রক্রিয়ায় যখন ফেব্রুয়ারি মাসে আবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তখন যে এই সংখ্যা অনেক বেড়ে যাবে, তা নিয়ে সন্দেহ নেই। তিন রাজ্যের ভোটের দিকে তাকিয়ে বিজেপি লাগাতার এসআইআরের সপক্ষে প্রচার করে গিয়েছে। এমনকী অবৈধ নাগরিক তথা বেআইনি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হবে বলে প্রচার তুঙ্গে উঠেছে। কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর্ব শুরু হওয়ার পর থেকেই রাজ্যে রাজ্যে বিজেপির মধ্যেই চরম সংশয় ও বিভ্রান্তি শুরু হয়েছে।
প্রশ্ন উঠেছে, বিরোধীরা যেখানে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গার খোঁজ মিলছে না কেন এই প্রশ্ন তুলছে, তখন আমাদের জবাব কী হবে? ভোটের আগে ইস্যুই বা কী হবে? কারণ, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পর অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা নিয়ে প্রচার করতে গেলে উল্টে প্রশ্নের মুখে পড়তে হবে যে, রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীরা কোথায় গেল? বিজেপির বেশ কিছু রাজ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও এই মর্মে প্রশ্ন এসেছে। ফলে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি।