আমেদাবাদ: গুজরাতে জঙ্গি হামলার ছক বানচাল করল রাজ্য পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। গ্রেপ্তার করা হয়েছে মহম্মদ সাহারুল ইসলাম নামে ২২ বছরের এক যুবককে। ধৃতের বাড়ি অসমের করিমগঞ্জে। অভিযোগ, পাক জঙ্গি সংগঠন জয়েশের সঙ্গে যুক্ত ছিল সে। পুলিশের দাবি, ভদোদরায় অবস্থিত বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক কষেছিল সাহারুল। শুক্রবার গুজরাত এটিএসের ডিআইজি সুনীল জোশী জানান, হামলার আগে বায়ুসেনা ঘাঁটিতে রেকি করেছিল সাহারুল। নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে ভিতরের ছবিও তোলে সে। হামলার পর পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল সাহারুলের। গ্রেপ্তারির পর তার কাছ থেকে একে৪৭ রাইফেল, ২৩টি কার্তুজ, জয়েশের পতাকা, ফোন-সিম উদ্ধার হয়েছে।
তদন্তকারীদের দাবি, জয়েশ হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সাহারুলের। গত ছ’মাস ধরে তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। ২৩ নভেম্বর গুজরাতের উদ্দেশে রওনা দেয় সাহারুল। এরপরই অভিযান শুরু হয়। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞসাবাদ চালাচ্ছে পুলিশ। পাকিস্তানে থাকা তার হ্যান্ডলারদের পরিচয়, একে-৪৭ রাইফেলটি কীভাবে ভারতে পৌঁছাল এবং গুজরাতে স্থানীয় সহযোগী তাকে সাহায্য করেছিল কি না, জানার চেষ্টা চলছে। উল্লেখ্য, গত জুলাইয়ে একাধিক রাজ্যে অভিযান চালিয়ে জয়েশের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছিল গুজরাত এটিএস। অন্যদিকে, আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঞ্জাবের ভাতিন্ডা থেকে সতনাম সিং ওরফে সাট্টু (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। চক্রের অন্য সদস্যদের খোঁজে তদন্ত চলছে।



