Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষক নিয়োগে বড়ো দুর্নীতি! অভিযোগ অস্বীকার চন্দ্রবাবুর

শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে এবার জেরবার মোদি সরকারের বড়ো শরিক তথা অন্ধ্রপ্রদেশের শাসকদল তেলুগু দেশম পার্টি।

শিক্ষক নিয়োগে বড়ো দুর্নীতি! অভিযোগ অস্বীকার চন্দ্রবাবুর
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অমরাবতী: শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে এবার জেরবার মোদি সরকারের বড়ো শরিক তথা অন্ধ্রপ্রদেশের শাসকদল তেলুগু দেশম পার্টি। গত বছর সেরাজ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল চন্দ্রবাবু নাইডু সরকার। ‘মেগা ডিএসসি-২০২৫’ নামের সেই বিজ্ঞপ্তিতে ১৬ হাজার ৩৪৭ জনকে নিয়োগের কথা বলা হয়। সেই নিয়োগ প্রক্রিয়া শেষও হয়েছে। এই অবস্থায় বিরোধী দল ওয়াই এস আর কংগ্রেসের অভিযোগ, বহু চাকরি স্রেফ ‘বিক্রি’ করা হয়েছে। এর বিরুদ্ধে পথে নেমেছেন ওয়াই এস আর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডি। রাজ্যের শিক্ষামন্ত্রী নারা লোকেশের ইস্তফাও দাবি করেছেন। দুর্নীতির সিবিআই তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের ধারায় মামলার দায়ের করা নিয়েও সরব জগনের দল।  যদিও সব অভিযোগ অস্বীকার করেছে সরকার। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, রাজ্যের ইতিহাসে এটাই সবচেয়ে বড়ো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ্ব। রাজনৈতিক স্বার্থে নিয়োগ নিয়ে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তাঁর কথায়, ‘কম্পিউটারে ৩ হাজার প্রশ্ন দেওয়া হয়েছিল। কম্পিউটার নিজে থেকে প্রশ্ন বেছে সেট করে পরীক্ষাকেন্দ্রে পাঠিয়ে দিয়েছে। সারা ভারতে পরীক্ষার তদারকি করেছে টিসিএসের মতো সংস্থা।’ এত বড়ো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মসৃণভাবে সম্পন্ন হওয়ায় হতাশা থেকে বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ করছে বলেও দাবি চন্দ্রবাবুর। তবে বিরোধী পক্ষ একটি অডিয়ো প্রকাশ করেছে। তাতে ক্রীড়া কোটার চাকরি নির্বাচিত কয়েকজনকে পাইয়ে দেওয়ার দাবি করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ