গঙ্গা-হুগলি মোহনায় ধাতব দূষণ কমেছে মোদির সফরের আগে নমামি প্রকল্পে স্বস্তির খবর
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মণিরাজ ঘোষ, খড়্গপুর: ‘নমামি গঙ্গে’ প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্য। গত কয়েক বছরে গঙ্গা-হুগলি মোহনায় ধাতব দূষণ কমেছে প্রায় ৩৮ শতাংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগেই এই সুখবর শোনালেন খড়্গপুর আইআইটির গবেষকরা। সম্প্রতি ছটে যমুনা নদীর দূষণ নিয়ে সরগরম নেট দুনিয়া। আর তার মধ্যেই খড়্গপুর আইআইটির এই গবেষণা নদীদূষণ নিয়ন্ত্রণ ও পুনরুজ্জীবনের ক্ষেত্রে যথেষ্ট আশাব্যঞ্জক বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলেই। গবেষণার বিষয়টি ইতিমধ্যেই প্রাকাশিত হয়েছে মার্কিন জার্নালেও। 

Advertisement

২০১৪ সালে ক্ষমতায় আসার পরই গঙ্গা ও তার উপনদীগুলির দূষণ নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও পুনরুজ্জীবনের স্বার্থে ‘নমামি গঙ্গে’প্রকল্প চালু করে নরেন্দ্র মোদীর সরকার। জুলাই মাসে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ হয়। পরবর্তীতে প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল। আগামী ২১ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খড়্গপুর আইআইটি সফরের আগে এই প্রকল্পের সাফল্যের দিকটি উন্মোচিত হওয়ায় খুশি সংশ্লিষ্ট বিভিন্ন মহল। বুধবার খড়্গপুর আইআইটি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের সমুদ্র, নদী, বায়ুমণ্ডল ও ভূমি বিজ্ঞান (কোরাল) বিভাগের বরিষ্ঠ অধ্যাপক পার্থসারথি চক্রবর্তীর নেতৃত্বে গবেষণাটি সম্পন্ন হয়েছে। গবেষক দলে রয়েছেন সোহম চট্টোপাধ্যায়, অনিন্দ্য দাস, গুঞ্জন রায়, শ্রুতিরেখা মহান্তি ও সুচরিতা চক্রবর্তী প্রমুখ। দীর্ঘমেয়াদি একটি গবেষণায় গঙ্গা-হুগলি মোহনায় প্রায় ৩৭.৭৬ শতাংশ দূষণ হ্রাসের প্রমাণ পেয়েছেন তাঁরা। গবেষণায় দেখা গিয়েছে, গঙ্গা-হুগলি মোহনায় অতীতে বিশেষত ২০০০ সালের আশপাশে পলির মধ্যে বিভিন্ন ধাতব দূষণের মাত্রা যথেষ্ট বেশি ছিল। পরবর্তী সময়ে ধীরে ধীরে সেই দূষণ কমেছে। ২০১৪ সালে কেন্দ্রের নমামি গঙ্গে কর্মসূচি চালুর পরবর্তী সময়ে দূষণের মাত্রা কমার প্রবণতা লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। গঙ্গা অ্যাকশন প্ল্যানসহ বিভিন্ন পরিবেশ সংরক্ষণমূলক উদ্যোগের বিষয়ও ওঠে এসেছে। তবে নগরায়ণ, শিল্পবর্জ্য, কৃষিজ বর্জ্য, নিকাশি ব্যবস্থা এবং প্রাকৃতিক পলি সঞ্চয়ের মতো একাধিক বিষয়ে নদীর দূষণ পরিস্থিতিকে প্রভাবিত করে বলে জানিয়েছেন গবেষকরা। মার্কিন জিওফিজিক্যাল ইউনিয়নের আন্তর্জাতিক গবেষণা পত্রিকা ‘জিওহেলথ’-এ প্রকাশিত হয়েছে এই গবেষণার ফলাফল। শুধু গঙ্গা-হুগলি নয়, আন্তর্জাতিকস্তরেও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এই গবেষণায়। গবেষণায় ‘পপুলেশন নর্মালাইজড পলিউশন লোড’ নামে একটি নতুন মূল্যায়ন পদ্ধতির কথাও তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে জনসংখ্যার চাপের নিরিখে নদী মোহনার দূষণ পরিস্থিতি বিশ্লেষণ করা সম্ভব হবে। ফলে, দূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ কতটা কার্যকর হচ্ছে, তা বুঝতে বিজ্ঞানী ও নীতি-নির্ধারকদের সুবিধা হবে। পার্থসারথিবাবু বলেন, ‘গঙ্গা-হুগলি মোহনায় দূষণ কমার এই প্রবণতা অবশ্যই আশাব্যঞ্জক। তবে, নদীর পরিবেশ সুস্থ রাখতে নিয়মিত দূষণ পর্যবেক্ষণ, বর্জ্যজল পরিশোধন এবং দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা ধারাবাহিকভাবে কার্যকর করা জরুরি।’