Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়োদেবী মন্দিরে ময়নাকাঠের পুজো ৩ দিন পর শুরু মূর্তি তৈরির কাজ

একমাস পুজোর পর শনিবার রাধা অষ্টমীতে প্রাচীন রীতি মেনে পুজো হল ময়নাকাঠের। এই ময়নাকাঠের উপরে এবার তৈরি হবে বড়োদেবীর মৃন্ময়ী প্রতিমা।

বড়োদেবী মন্দিরে ময়নাকাঠের পুজো  ৩ দিন পর শুরু মূর্তি তৈরির কাজ
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দিনহাটা: একমাস পুজোর পর শনিবার রাধা অষ্টমীতে প্রাচীন রীতি মেনে পুজো হল ময়নাকাঠের। এই ময়নাকাঠের উপরে এবার তৈরি হবে বড়োদেবীর মৃন্ময়ী প্রতিমা। মূল কাঠামো বা প্রতিমার মূল দণ্ড হিসাবে ময়নাকাঠকে ব্যবহার করে বিশেষ মাটিতে এই প্রতিমা গড়ে তোলা হবে। বড়োদেবীর মন্দিরে এদিন এই পুজোতে পরমান্ন ভোগ নিবেদন করা হয়। এবার মন্দিরে তিনদিন ধরে ময়নাকাঠকে হাওয়া খাওয়ানো হবে। এর পর শুরু হবে বড়োদেবীর প্রতিমা তৈরির  কাজ।

Advertisement

৫০০ বছরেরও বেশী পুরানো বড়োদেবীর পুজোর সূচনা হয় শ্রাবণ মাসের শুক্ল অষ্টমীতে। গুঞ্জবাড়ির ডাঙ্গরআই মন্দিরে ময়নাকাঠের পুজোর মধ্য দিয়ে শুরু হয় বড়োদেবীর আবাহন। ময়নাকাঠের উপর তৈরি হয় বড়োদেবীর প্রতিমা। ডাঙ্গরআই মন্দিরে ময়নাকাঠটি পুজো করে নিয়ে আসা হয় মদনমোহন মন্দিরে। সেখানে এক মাস ধরে চলে ময়নাকাঠের পুজো। তারপর সেখান থেকে ময়নাকাঠকে বড়োদেবী মন্দিরে নিয়ে আসা হয়। এদিনের পুজোর পর তিন দিন হাওয়া খাওয়ানোর পর রাখার পর ট্রলির উপর স্থাপন করে প্রতিমা নির্মাণের কাজ শুরু হবে। এই প্রতিমা নির্মাণের ক্ষেত্রে ও প্রতিমার মুখমণ্ডল নির্মাণের ক্ষেত্রে আলাদা আলাদা মাটি ব্যবহার করা হয়। নির্দিষ্ট শিল্পী এই প্রতিমা নির্মাণ করেন।
কোচবিহারের মহারাজা নরনারায়ণ স্বপ্নাদেশ পেয়ে পাঁচশো বছরেরও আগে বড়োদেবীর পুজো শুরু করেন। রাজআমলে শুরু হওয়া বড়োদেবীর প্রতিমা, তার নির্মাণ পদ্ধতি দুইই স্বতন্ত্র। দেবী এখানে রক্তবর্ণা। সাধারণ দুর্গা প্রতিমার মতো সঙ্গে থাকেন না লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। তার বদলে সঙ্গে থাকেন ‘জয়া ও বিজয়া’। দেবীর বাহন এখানে বাঘ ও সিংহ। 
রাজ পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, রাজআমলের প্রাচীন রীতি মেনে আজও নিষ্ঠার সঙ্গে বড়োদেবীর পুজো হয়। একমাস পুজোর পর মদনমোহন মন্দির থেকে শনিবার রাধা অষ্টমীতে ময়নাকাঠ নিয়ে এসে প্রাচীন রীতি মেনে তাঁর পুজো হয়েছে। পুজোর পর  ময়নাকাঠকে ট্রলিতে স্থাপন করা হয়। এই ময়নাকাঠ বড়োদেবীর প্রতিমার মূলদণ্ড। এবার এঁর উপর ধীরে ধীরে বড়োদেবীর প্রতিমা গড়ে উঠবে। রাজ আমল থেকে এই প্রথা চলে আসছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ