Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়ি: সিগারেট, গুটকা খেয়ে ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে পগারপার চোর

দোকানের টিনের চাল কেটে সিলিং ভেঙে ঢুকে গুটকা খেয়ে মনের সুখে সিগারেট টেনে ক্যাশবাক্স ভেঙে টাকাকড়ি নিয়ে পালাল চোর।

ময়নাগুড়ি: সিগারেট, গুটকা খেয়ে ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে পগারপার চোর
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: দোকানের টিনের চাল কেটে সিলিং ভেঙে ঢুকে গুটকা খেয়ে মনের সুখে সিগারেট টেনে ক্যাশবাক্স ভেঙে টাকাকড়ি নিয়ে পালাল চোর। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির চারেরবাড়ি রেলগেট সংলগ্ন একটি মুদি দোকানে। মালিক সোমবার সকালে দোকান খুলতেই চমকে ওঠেন। পরে বুঝতে পারেন চুরি হয়েছে। ময়নাগুড়ি থানায় এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করে তিনি। অভিযোগ হাতে পেয়ে তদন্তে নেমেছে পুলিস। 

Advertisement

মুদি দোকানের মালিক জয়দেব রায় রবিবার রাত ৯টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সোমবার সকাল ৭টা নাগাদ দোকানের শাটার তুলতেই চক্ষু চড়কগাছ তাঁর। দেখেন, সিলিং কাটা। এরপর লক্ষ্য করেন দোকানের বিভিন্ন সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে আছে। ক্যাশবাক্স খুলতেই মাথায় হাত পড়ে জয়দবের। দেখেন টাকা নেই। দোকানে কয়েকটি গুটকার প্যাকেট পড়ে। দোকানের বাইরে কয়েকটি সিগারেটের শেষ অংশ। ততক্ষণে বুঝতে অসুবিধা হয় না, রাতে দোকানে চুরি হয়েছে। এরপর সোজা চলে যান ময়নাগুড়ি থানায়। 
জয়দেব বলেন, দোকানের টিন কেটে সিলিং ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢুকেছিল। ক্যাশ বাক্সে রাখা কয়েক হাজার টাকা ছাড়াও ১ হাজার ৮০০ টাকার গুটকার তিনটি বান্ডিল, ২ হাজার ২৫০ টাকার সিগারেটের প্যাকেটের বান্ডিল চুরি করে নিয়ে গিয়েছে। চুরি করার সময় ইচ্ছেমতো গুটকা ও সিগারেট খেয়েছে। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানিয়েছেন, অভিযোগ জমা পড়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ