নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্রায় দু’মাস পর ঠাকুরনগরে গণ্ডগোলের ঘটনায় মূল পান্ডাকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম লালু সাহানি। দু’মাস গা ঢাকা দিয়ে থাকার অবশেষে শিলিগুড়ি থেকেই তাকে গ্রেপ্তার করেছে এনজেপি থানার সাদা পোশাকের পুলিস। স্থানীয়দের অভিযোগ, শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকাতে একদল দুষ্কৃতী দাপিয়ে বেড়ায়। এমনকী আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে নিজেদের আধিপত্ত বিস্তার করাই দুষ্কৃতীদের মুল উদ্দেশ্য বলে অভিযোগ।
গত জুনে ডাবগ্রাম-ফুলবাড়ির ঠাকুরনগরে ওই দুষ্কৃতী দলের হামলায় জখম হন একই পরিবারের বেশ কয়েকজন সদস্য। একটি বাড়ির সামনে থাকা মুদিখানা দোকানের সামনে গণ্ডগোল পাকানোর চেষ্টা করার পর মালিক প্রতিবাদ করেন। এরপরেই ২০ জনের একটি দুষ্কৃতী দল এলাকায় গিয়ে ওই দোকান মালিকের পরিবার ও তার প্রতিবেশীদের কয়েকজনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস ঠাকুরনগরে বন্ধের পাশাপাশি পথ অবরোধ হয়। বাসিন্দারা দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। ঘটনার পর উত্তাল হয়েছিল এলাকা। এরপর ছ’জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিস। তাদের নাম শম্ভু দাস (শুভ), অরিজিৎ বাইন (ভম্বল), রণজিৎ দে, রাজ মালা, শুভজিত বিশ্বাস ও প্রদীপ সরকার। এরপর খোঁজ শুরু হয় বাকিদের। অবশেষে দু’মাস পর ভবেশ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে শুক্রবার রাতে লালুকে গ্রেপ্তার করা হয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা ওই ঘটনায় যুক্তদের ধরতে তল্লাশি চালাচ্ছি। ঘটনার তদন্তও
করা হচ্ছে।