Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির বুথ সভাপতি খুনে মুম্বইয়ে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

বারুইপুরে বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় মূল অভিযুক্ত অমিত মণ্ডল অবশেষে গ্রেফতার।

বিজেপির বুথ সভাপতি খুনে মুম্বইয়ে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার  মূল অভিযুক্ত
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় মূল অভিযুক্ত অমিত মণ্ডল অবশেষে গ্রেফতার। খুনের ঘটনার পরে নিজের মোবাইল সিম বদল করেছিল সে। তবে পুলিশ তার মোবাইলের আইএমইআই নম্বর ট্র্যাক করে মুম্বইয়ের ডেরার হদিশ পায়। এরপরে বারুইপুর থানার পুলিশের বিশেষ টিম মুম্বই পাড়ি দেয়। সেখানে নাল্লাসোপাড়ায় তল্লাশি চালিয়ে শ্বশুরবাড়ি থেকে তাঁকে ধরে। ট্রানজিট রিমান্ডে তাঁকে মঙ্গলবার বারুইপুরে নিয়ে আসে পুলিশ। ধৃতকে এদিন বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, পিটিয়ে মারার যে ভিডিও ভাইরাল হয়েছিল তাতে অভিযুক্ত অমিতকেই বাঁশ দিয়ে পেটাতে দেখা গিয়েছিল। অমিতের বাড়ি বারুইপুরের শিখরবালি ২ নম্বর পঞ্চায়েতের গোপালপুর এলাকায়। যদিও আরও এক অভিযুক্ত সূর্যকান্ত অধরা। তাঁর খোঁজে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, ৮ আগস্ট রাতে বারুইপুর উকিলপাড়ায় ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে মারধর করা হয়। ৯ আগস্ট রাজীবের মৃত্যু হয়। এই খুনের ঘটনায় পুলিশ আগেই রাজীবের বাবা নিতাই বিশ্বাস ও ভাই সন্দীপ বিশ্বাসকে গ্রেফতার করেছিল। এরপরে পুলিশ জানতে পারে নাল্লাসোপাড়ায় শ্বশুরবাড়িতে রয়েছে আরেক অভিযুক্ত অমিত মণ্ডল। বারুইপুর থানার এস আই সৌরভ গুহের নেতৃত্বে বিশেষ টিম অমিতকে ধরতে মুম্বই পাড়ি দেয়। গত ১৩ সেপ্টেম্বর গভীর রাতে পুলিশ তাকে হাতেনাতে ধরে।
তদন্তকারী অফিসার বলেন, খুনের ঘটনার পরেই বারুইপুর ছাড়েন অমিত। বারবার জায়গা বদল করছিলেন তিনি। এই খুনের ঘটনায় মাস্টার মাইন্ড নিহত রাজীব বিশ্বাসের ছোট ভাই অভিযুক্ত সন্দীপ বিশ্বাস। তিনিই তাঁর দাদাকে খুন করার জন্য সূর্যকান্ত ও অমিতকে জড় করেছিলেন। ঘটনার দিন প্রথমে সূর্যকান্তকে এনে মদ খাইয়ে খুনের পরিকল্পনা করেছিলেন সন্দীপ। তারপরে দু’জনে বাইকে করে গিয়ে অমিতকে চম্পাহাটি থেকে তুলে এনেছিলেন খুনের জন্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ