ঘুমের ওষুধ খাইয়ে বৃদ্ধাকে অচেতন করে সোনার গয়না ও টাকা লুট, ধৃত পরিচারিকা
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃদ্ধাকে ঘুমের ওষুধ খাইয়ে লুটপাটের অভিযোগ উঠল পরিচারিকার বিরুদ্ধে। অসুস্থ স্বামীকে নিয়ে পাটুলি এলাকায় থাকেন ওই বৃদ্ধা। সোনার গয়না ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পরিচারিকাকে। অভিযুক্তের নাম শাশ্বতী মণ্ডল। পিয়ালির বাসিন্দা শাশ্বতীকে শনিবার পাকড়াও করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে একটি পরিচারিকা সেন্টারের মাধ্যমে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে কাজে যোগ দেয় শাশ্বতী। গৃহকর্তা পরিতোষ দাস অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তিনি অসুস্থ, শয্যাশায়ী। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বর্তমানে এই বাড়িতে বৃদ্ধ দম্পতি ছাড়া আর কেউ থাকেন না। এই সুযোগকে কাজে লাগিয়ে ওই পরিচারিকা লুটের ছক কষেছিল বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছিল গত ২১ নভেম্বর দুপুরে। অভিযোগ, খাবারের সঙ্গে ঘুমের ওষুধ অথবা ওই জাতীয় কোনো দ্রব্য মিশিয়ে বৃদ্ধা প্রতিমা দাসকে খেতে দেন শাশ্বতী। কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়েন তিনি। সেই সুযোগে বাড়ি থেকে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় পরিচারিকা। সব মিলিয়ে খোয়া যাওয়া সোনার অলঙ্কারের মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানা গিয়েছে। সন্ধ্যায় মাকে দেখতে বাড়িতে আসেন মেয়ে। বাড়িতে এসে দেখেন বাইরের দরজা খোলা। মায়ের অস্বাভাবিক অবস্থা দেখে সন্দেহ হয় তাঁর। এরপরই সামনে আসে লুটের ঘটনা। পাটুলি থানায় অভিযোগ করা হয়।
তদন্তে নেমে নিয়োগকারী সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা। সেখান থেকে শাশ্বতীর দেওয়া মোবাইল নম্বর হাতে আসে পুলিশের। সেই নম্বরের সূত্র ধরে শুরু হয় তদন্ত। মোবাইলের টাওয়ার লোকেশন বিশ্লেষণ করে অভিযুক্তের অবস্থান চিহ্নিত করেন তদন্তকারীরা। শনিবার তাকে গ্রেপ্তার করা হয় পিয়ালি থেকে। এই ঘটনায় লুট হওয়া সামগ্রীর কিছুটা উদ্ধার হয়েছে। বৃদ্ধাকে কী ওষুধ খাওয়ানো হয়েছিল, তা খতিয়ে 
দেখছে পুলিশ।