নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক ব্যাংক ম্যানেজারের বাড়িতে পরিচারিকার কাজ করত সে। সেই সময় ফেসবুক সূত্রে এক যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল তার। ক্রমে তারা সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে বয়ফ্রেন্ডকে নিয়ে ভাড়া করা ফ্ল্যাটে একসঙ্গে থাকতে শুরু করে তরুণী। চলছিল আরামের জীবন। বাড়ির কাজকর্মের জন্য তারা আবার পরিচারিকাও রেখেছিল। প্রায়ই গাড়ি বুক করে বিভিন্ন জায়গায় বেড়াতে যেত যুগল। তাদের বড়োলোকি চালচলন দেখে আশপাশের লোকজন ভাবতেন, যুবকটি হয়ত ভালো ব্যবসা করেন। আসলে তাদের এই আতিশয্য সবটাই ব্যাংক ম্যানেজারের বাড়ি থেকে চুরি করা সোনার গয়না বিক্রির টাকায়। ব্যাংক ম্যানেজার হরিদেবপুর থানায় অভিযোগ করার পর তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে রূপা সাঁতরা ও তার বয়ফ্রেন্ড উত্তম মণ্ডলকে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার গয়নার একাংশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ফলতার বাসিন্দা রূপা হরিদেবপুরের ওই ব্যাংক কর্তার বাড়িতে বছর দশেক আগে পরিচারিকার কাজে ঢোকে। দীর্ঘদিন ওই বাড়িতে থাকার সুবাদে আলমারির কোথায় সোনার গয়না, নগদ টাকা থাকে, তা জেনে গিয়েছিল সে। বিশ্বাসের সুযোগ নিয়ে চাবি হাতিয়ে আলমারি খুলে ধীরে ধীরে সোনার গয়না সরায় রূপা। প্রথমদিকে বিষয়টি বুঝতে পারেননি ওই পরিবারের সদস্যরা। হঠাৎ এক অনুষ্ঠান চলে আসায় গয়নার বাক্স খোলেন বাড়ির মালকিন। তখনই বিষয়টি নজরে আসে। কীভাবে গয়না উধাও হয়ে গেল, তা নিয়ে তোলপাড় হয় বাড়ি। সন্দেহ গিয়ে পড়ে পরিচারিকার উপর। অক্টোবর মাসের শুরুতে ওই ব্যাংককর্তা অভিযোগ করেন হরিদেবপুর থানায়।
তদন্তে নেমে পুলিশ ওই পরিচারিকার গতিবিধির উপর নজরদারি চালায়। সে কার কার সঙ্গে ফোনে কথা বলে, তাও জানতে পারেন তদন্তকারীরা। জানা যায়, হরিদেবপুরেই রূপার একটি
ফ্ল্যাট রয়েছে। সেখানে এক যুবক তার সঙ্গে থাকে। ওই ফ্ল্যাটে আবার দু’বেলা দু’জন পরিচারিকা এসে ঘরের কাজ করে দিয়ে যান। তাঁরা মাসে ১০ হাজার টাকা করে বেতন পান। যিনি নিজে পরিচারিকার কাজ করেন, তিনি কী করে নিজের ফ্ল্যাটে দু’জন পরিচারিকা রেখেছেন, এই প্রশ্নই সন্দেহকে আরও তীব্র করে। এর মধ্যেই জানা যায়, প্রায়ই এই যুগল গাড়ি নিয়ে দীঘা, মন্দারমণি, তারাপীঠ, দার্জিলিং সহ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়।
স্থানীয় এক জুয়েলারি দোকান থেকেই মেলে তদন্তের সূত্র। জানা যায়, সেখানে তারা সোনার গয়না গলিয়ে নতুন দু’-তিনটি চেন করিয়েছে। শেষমেশ শনিবার রাতে দু’জনকে আটক করে পুলিশ। জেরার মুখে ভেঙে পড়ে রূপা। বলে, ব্যাংক ম্যানেজারের বাড়ি থেকে সে ৪৫০ গ্রাম ওজনের সোনা হাতিয়েছে। যার বাজারমূল্য প্রায় ৫৪ লক্ষ টাকা। তবে সবটা তারা আত্মসাৎ করতে পারেনি। কিছু গয়না তাদের কাছে থেকে গিয়েছিল, যা উদ্ধার করেছে পুলিশ।



