নিজস্ব প্রতিনিধি, তমলুক: মহিষাদল রাজ কলেজে ১১টি অস্থায়ী কর্মীর পদের জন্য আবেদন জমা পড়েছে তিনশোর বেশি। ৪থেকে ৬ নভেম্বর মাত্র তিনদিন আবেদনের সুযোগ ছিল। তাতেই বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। কলেজ কর্তৃপক্ষ গত ৯ নভেম্বর সরাসরি ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে চেয়েছিল। কিন্তু, আবেদন বেশি হওয়ায় পূর্ব নির্ধারিত সরাসরি ইন্টারভিউ প্রক্রিয়া বাতিল করা হয়। সেই সঙ্গে লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে নোটিস জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, আগামী ২২নভেম্বর অফিস ক্লার্ক পদে মোট ৪০নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর ল’অফিস অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেনডেন্ট ও লাইব্রেরি অ্যাটেনডেন্ট পদে ৩০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। সেই লিখিত পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে ইন্টারভিউতে ডাকা হবে। তাঁদের মধ্য থেকেই চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশ করা হবে। গত ৪ নভেম্বর মহিষাদল রাজ কলেজের পক্ষ থেকে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে অস্থায়ী পদে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের কথা বলা হয়। তবে, অস্থায়ী শিক্ষক নিয়োগ আপাতত হচ্ছে না। শুধুমাত্র অস্থায়ী অশিক্ষক কর্মী পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। জানা গিয়েছে, অফিস ক্লার্ক একজন, অফিস অ্যাসিস্ট্যান্ট দু’জন, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একজন, লাইব্রেরি অ্যাটেনডেন্ট একজন, ল্যাব অ্যাটেনডেন্ট তিনজন, অ্যাটেনডেন্ট একজন এবং সুইপার পদে দু’জন নিয়োগ করা হবে। অবশ্য সুইপার পদের জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না না। বাকি ১১টি পদের জন্য লিখিত পরীক্ষা হবে।
এই নিয়োগ ঘিরে আপাতত সরগরম মহিষাদল। এই মুহূর্তে কলেজে গভর্নিং বডির সভাপতি নিয়োগ হলেও পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠন হয়নি। পূর্ণাঙ্গ গভর্নিং বডি ছাড়া এই নিয়োগ কতটা বৈধ, তা নিয়ে তর্ক-বিতর্ক চলছে। মহিষাদলের প্রবীণ বিজেপি নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য রঘুনাথ পণ্ডা বলেন, পূর্ণাঙ্গ গভর্নিং বডি ছাড়া এই নিয়োগ হতে পারে না। বিশেষ কয়েকজনকে সুবিধা করে দিতে জরুরি প্রয়োজনের নাম করে এই নিয়োগ কি না, সেটা আমাদের ভাবাচ্ছে।
বিতর্ক শুরু হলেও তাতে আমল দিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ। আগামী ২২নভেম্বর লিখিত পরীক্ষার দিন ধার্য করেছে। বলা হয়েছে, অফিস ক্লার্ক পদের জন্য ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান ও বেসিক কম্পিউটারের বিষয়ে ৪০ নম্বরের পরীক্ষা হবে। এক ঘণ্টার ওই পরীক্ষায় সেরা তিনজনকে ইন্টারভিউয়ে ডাকা হবে। একইভাবে অফিস অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেনডেন্ট ও লাইব্রেরি অ্যাটেনডেন্ট পদে সাধারণ জ্ঞান, বেসিক কম্পিউটার ও অঙ্কের উপর ৩০ নম্বরের পরীক্ষা হবে। ৪৫মিনিটের পরীক্ষায় প্রতিটি ক্যাটাগরিতে প্রথম তিনজনকে ইন্টারভিউতে ডাকা হবে।
কলেজের প্রিন্সিপাল গৌতমকুমার মাইতি বলেন, আমরা লিখিত পরীক্ষা এবং সেখান থেকে বাছাই করে মৌখিক পরীক্ষার ব্যবস্থা করেছি। আবেদন বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইমতো নোটিস দেওয়া হয়েছে।



