নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, বজবজ: মহেশতলা কাণ্ডে এখনও আতঙ্ক কাটিয়ে নির্ভয়ে রাস্তায় বেরোচ্ছেন না এলাকার মানুষ। শুক্রবার দোকানপাট কয়েকটি খুললেও, বেশিরভাগই ছিল বন্ধ। যদিও বৃহস্পতিবারে তুলনায় এদিন কিছুটা হলেও ছন্দে ফেরার চেষ্টা করেছে মহেশতলার পাঁচুড়, কানখুলি ঘোষপাড়া, সন্তোষপুর স্টেশন, আকড়া সহ বিভিন্ন এলাকা। বৃহস্পতিবারের তুলনায় রাস্তাঘাটে লোক সংখ্যা ছিল খানিকটা বেশি। পুরোপুরি ছন্দে ফিরতে আরও কয়েকটা দিন লাগবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। সে কারণে আরও তিন দিন বাড়ানো হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার (পূর্বতন ১৪৪ ধারা) মেয়াদ। জানা গিয়েছে, বুধবার গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হওয়ার পর আলিপুর সদর মহকুমাশাসক এই ধারা লাগু করেছিলেন। শুক্রবার পর্যন্ত তার মেয়াদ ছিল। বর্তমান পরিস্থিতি দেখে পুলিস প্রশাসনের পক্ষ থেকে আরও কয়েকদিন এই ধারা বজায় রাখার আবেদন করা হয়েছিল। সেইমতো এদিন মহকুমাশাসক ১৬৩ ধারা আরও তিনদিন লাগু রাখার নির্দেশিকা জারি করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত গোলমাল পাকানোর ঘটনায় ডায়মন্ডহারবার পুলিস জেলা ও কলকাতা পুলিশের অভিযানে ৪০ জন গ্রেপ্তার হয়েছিল। শুক্রবার রাত পর্যন্ত সেই সংখ্যা অপরিবর্তিত ছিল



