নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকারের গুণগত যাচাইয়ের অন্যতম সংস্থা কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়ার (কিউসিআই) মানদণ্ডে বাংলার দুটি সরকারি হোমিয়োপ্যাথিক মেডিকেল কলেজ ‘এ প্লাস’ র্যাঙ্ক পেল। একটি হল হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিয়োপ্যাথিক মেডিকেল কলেজ। অন্যটি মানিকতলা এলাকায় ক্যালকাটা হোমিয়োপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল। গতবছর ‘এ প্লাস’ পেলেও এবারে ‘এ’ র্যাঙ্ক করেছে আরেক গুরুত্বপূর্ণ সরকারি হোমিয়োপ্যাথিক মেডিকেল কলেজ ট্যাংরার ডি এন দে হোমিয়োপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল।
হোমিয়োপ্যাথিক চিকিৎসক মহল সূত্রের খবর, অত্যন্ত খুঁটিনাটি বিষয় দেখা হয় কিউসিআই পরিদর্শনে। যেমন, লোকবল এবং পরিকাঠামো, পড়াশোনা, ছাত্রছাত্রীদের মান, গবেষণা, হাসপাতালের পরিষেবা, চিকিৎসক ও কর্মীদের ব্যবহার, রোগীদের প্রতিক্রিয়া, সংক্রমণ নিয়ন্ত্রণসহ অসংখ্য বিষয়। এবার ফেব্রুয়ারি-মার্চের দিকে রাজ্যের বিভিন্ন হোমিয়ো কলেজ পরিদর্শন করেন কিউসিআইয়ের পরিদর্শকরা। তারই ফলাফল প্রকাশিত হয়েছে। মহেশ ভট্টাচার্য হোমিয়োপ্যাথিক মেডিকেল কলেজের প্রিন্সিপাল-ইন-চার্জ ডাঃ হিমাংশু হাইত বলেন, ২৫ পাতাজুড়ে গুণমান যাচাইয়ের বিভিন্ন সূচক। কিউসিআই পরিদর্শন মোটেই জলভাত ব্যাপার নয়। ‘এ প্লাস’ র্যাঙ্ক পাওয়ায় আমরা গর্বিত।