মুম্বই: ভোট মিটেছে। প্রতিশ্রুতির ভেলায় ভেসে মহারাষ্ট্রে জোট সরকারও গঠন করেছে বিজেপি। ভোট প্রতিশ্রুতিতে কৃষিঋণ মকুবের আশ্বাস দিয়েছিল তারা। কিন্তু, ক্ষমতায় ফিরতেই পাল্টি! উপ মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার সাফ জানিয়েছেন, কৃষি ঋণ মকুবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু, তা রক্ষা করা সম্ভব নয়। তাই সকলকে ঋণের টাকা ফেরত দিতেই হবে। বকেয়া মেটানোর জন্য ৩১ মার্চের সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। কোনও রাখঢাক না রেখে অজিত বলেছেন, ভোটের সময় দেওয়া সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব নয়। বাস্তব পরিস্থিতির কথাও মাথায় রাখতে হবে। তাই কোনও ঋণ মকুব হচ্ছে না। শুধু এবছরই নয়, আগামী বছরও সমস্ত টাকা মেটাতে হবে। তবে অতিরিক্ত সুদ দেওয়ার প্রয়োজন নেই।



