Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

মহাপুজো মহাভোজ: অষ্টমীতে মায়ের ভোগ

মহাপুজো মহাভোজ: অষ্টমীতে মায়ের ভোগ
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুরভরা কাঁকরোল ভাজা

Advertisement

উপকরণ: কাঁকরোল বড় দেখে ৪টি, নুন পরিমাণ 
মতো, সর্ষের তেল ভাজার জন্য, বেসন পরিমাণ মতো, কালো জিরে ১ চামচ, কাঁচালঙ্কা বাটা ১ চামচ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচালঙ্কা বাটা ১ চামচ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো  চামচ করে, ধনে গুঁড়ো ১ চামচ, কিশমিশ বাটা ২ টেবিল চামচ।

প্রণালী: প্রথমে কাঁকরোল কেটে দু’ভাগ করে নিন। তার ভিতর থেকে শাঁস বের করে নিন। তারপর খোলগুলো নুন, হলুদ দিয়ে অল্প ভাপিয়ে রাখুন। এবার অন্যদিকে প্যানে তেল গরম করে তাতে কাঁকরোলের শাঁস, নুন, কাঁচালঙ্কা বাটা দিয়ে নেড়ে নিন। জিরে গুঁড়ো, ধনেগুঁড়ো, হলুদ গুঁড়ো, কিশমিশ বাটা দিন। শুকনো শুকনো হলে পুর নামিয়ে নিন। ঠান্ডা হলে কাঁকরোলের খোলের ভিতর ভরে দিন। অন্যদিকে একটি পাত্রে বেসন, জল, কালোজিরে, নুন দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এবার কড়াইতে ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তাতে পুরভরা কাঁকরোল বেসনের মিশ্রণে ডুবিয়ে ভাজুন। তৈরি পুর ভরা কাঁকরোল ভাজা।

ভোগের খিচুড়ি

উপকরণ: গোবিন্দভোগ চাল ২০০ গ্রাম, ভাজা সোনামুগ ডাল ১০০ গ্রাম, আদাবাটা ১ চামচ, তেজপাতা ২টি, জিরে গোটা ১ চামচ, জিরে বাটা ২ চামচ, নুন, চিনি স্বাদমতো, কাঁচালঙ্কা ৩-৪টি, ঘি পরিমাণ মতো, গরমমশলা গুঁড়ো অল্প, মটরশুঁটি ১ কাপ।

প্রণালী: প্রথমে প্যানে ঘি দিন। মুগডাল অল্প ভেজে তাতে গোটা জিরে, কাঁচালঙ্কা ফোড়ন দিন। এবার চাল ধুয়ে দিয়ে দিন। ভালো করে ঘিয়ে নেড়ে পরিমাণমতো জল দিন। ঢাকা দিন। ফুটে উঠলে এবং চাল, ডাল সেদ্ধ হলে মটরশুঁটি, চিনি, নুন, জিরে বাটা, আদা বাটা, তেজপাতা দিয়ে নেড়ে নিন। তারপর ঢাকা দিয়ে রান্না হতে দিন। মাখামাখা হলে গরমমশলা, ঘি দিয়ে নামিয়ে নিন।

লাবড়া


উপকরণ: বেগুন ১টা ডুমো করে কাটা, পেঁপে ডুমো করে কাটা ১ কাপ, সিম ৩-৪টি কুচি করে কাটা, মিষ্টি কুমড়ো ২০০ গ্রাম ডুমো করে কাটা, বরবটি কাটা ১ কাপ, পুঁইশাক ২০০ গ্রাম কাটা, তেজপাতা ২টি, কাঁচালঙ্কা ২টি, পাঁচফোড়ন ১ চামচ, নুন, চিনি স্বাদমতো, সর্ষের তেল প্রয়োজন মতো, আদা বাটা ৩ চামচ, হলুদ গুঁড়ো  চামচ, জিরে গুঁড়ো ১ চামচ, ধনে গুঁড়ো ১ চামচ, আলু ডুমো করে কাটা ৩টি, ঝিঙে ২টি ডুমো করে কাটা।

প্রণালী: প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে পাঁচফোড়ন, কাঁচালঙ্কা, তেজপাতা ফোড়ন দিন। তারপর একে একে বেগুন, পেঁপে, সিম, কুমড়ো, পুঁইশাক, আলু, ঝিঙে দিয়ে ঢাকা দিন। জল বেরিয়ে অর্ধেক সেদ্ধ হয়ে গেলে নুন, চিনি, হলুদ গুঁড়ো আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিন। ঢিমে আঁচে রাখুন। ঢাকা অবশ্যই দেবেন। মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।

কাঁচা আমের চাটনি

উপকরণ: ছোট কাঁচা আম ২টি, চিনি ২০০ গ্রাম, কিশমিশ ৫০ গ্রাম, খেজুর ২৫ গ্রাম, আমসত্ত্ব ২৫ গ্রাম, আদা কুচানো ২ চামচ, পাঁচফোড়ন ১ চামচ, শুকনো লঙ্কা ২টি, সাদা তেল ১ চামচ, নুন অল্প স্বাদ মতো।

প্রণালী: প্রথমে আম ধুয়ে কুরে নিন। এবার কড়াইতে সাদা তেল গরম করে তাতে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। এবার কোরানো আম দিয়ে অল্প নুন দিন। অল্প নেড়ে ঢিমে আচে চাপা দিন। দেখবেন আম থেকে জল ছাড়বে। এরপর একে একে কিশমিশ, আমসত্ত্ব, খেজুর দিন। ভালো করে নেড়ে ১০ মিনিট পর চিনি দিন। আবারও ৫ মিনিট ঢিমে আঁচে ঢাকা দিয়ে দিন। নামিয়ে ঠান্ডা করে আদা কুচি দিয়ে দিন। ব্যস, তৈরি কাঁচা আমের চাটনি।


সুমিতা শূর

Advertisement
সম্পর্কিত সংবাদ