সংবাদদাতা, লালবাগ: মা বাশুলি মন্দিরে তিন শতাধিক প্রাচীন পুজোকে কেন্দ্র করে উন্মাদনায় মাতল আজিমগঞ্জ সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। পুজো উপলক্ষ্যে মন্দির ও সংলগ্ন এলাকাকে আলোয় সাজিয়ে তোলা হয়েছে। প্রাচীন রীতি ও প্রথা মেনে বুধবার অক্ষয় তৃতীয়ার সকালে ভাগীরথী নদী থেকে ঘট ভরে মন্দিরে স্থাপন করা হয়। তারপর শুরু হয় মায়ের পুজো। সকাল থেকে দুপুর পর্যন্ত পুজার্চনা ও হোমযজ্ঞ চলে। মায়ের উদ্দেশ্যে পুজো ও অঞ্জলি নিবেদন করতে আজিমগঞ্জের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ মন্দিরে এসেছিলেন। পুজো শেষে মন্দিরে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের প্রসাদ বিতরণের পাশাপাশি প্রায় চার হাজার মানুষকে পেট পুরে পোলাও, খিচুড়ি, পাঁচ তরকারি, চাটনি ও পায়েস খাওয়ানো হয়। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নাম সংকীর্তন ও পালাগান অনুষ্ঠিত হয়। অক্ষয় তৃতীয়ার পাশাপাশি বৈশাখ মাসে মা বাশুলি মঙ্গলচণ্ডী রূপে পুজিতা হন। মন্দির কমিটির সভাপতি তরুণতপন সরকার বলেন, মা বাশুলি অত্যন্ত জাগ্রত। সারা বছর ধরে জেলা ও বাইরে থেকে বহু মানুষ মন্দিরে এসে পুজো দেন। পাশাপাশি মায়ের কাছে মানত করেন।



