Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাঁচরাপাড়ায় মণ্ডপে ফুটে উঠবে মধুবনী, অক্ষরধাম ও নারী কথা

কোনও উদ্যোক্তা করেছেন ৭০ ফুট উচ্চতার মণ্ডপ। তাতে মধুবনী শিল্পের কাজ। কোথাও মহাষ্টমীতে দুর্গার সঙ্গে পুজো কালী ঠাকুরের। কারও থিম, নারী কথা। পট চিত্রের মাধ্যমে নারীদের কথা তুলে ধরেছেন শিল্পী।

কাঁচরাপাড়ায় মণ্ডপে ফুটে উঠবে মধুবনী, অক্ষরধাম ও নারী কথা
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সঞ্জয় গঙ্গোপাধ্যায়, বারাকপুর :

Advertisement

কোনও উদ্যোক্তা করেছেন ৭০ ফুট উচ্চতার মণ্ডপ। তাতে মধুবনী শিল্পের কাজ। কোথাও মহাষ্টমীতে দুর্গার সঙ্গে পুজো কালী ঠাকুরের। কারও থিম, নারী কথা। পট চিত্রের মাধ্যমে নারীদের কথা তুলে ধরেছেন শিল্পী। কেউ বানিয়েছেন দিল্লির অক্ষরধাম মন্দির। উত্তর ২৪ পরগনার প্রান্তিক রেল শহর কাঁচরাপাড়ায় থিমের পুজো, বিগ বাজেটের পুজো, সাবেকি পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে।
কাঁচরাপাড়ার ঘটক রোডে ১০৩ বছরে পা দিল উদ্বোধনী কমিটির বারোয়ারি দুর্গাপুজো। এটি এখানকার সবথেকে প্রাচীন পুজো। সম্পাদক রঞ্জিত সামন্ত ও অরিন্দম সরকার জানান, ১৯২২ সালে পূর্ববঙ্গ থেকে আসা নমঃশুদ্র সমিতি প্রথম এই পুজো শুরু করেন। পরবর্তীকালে এটি বারোয়ারি পুজোর রূপ নেয়। সাবেক প্রতিমার যে কাঠামোটি ব্যবহার হয় সেটি সে সময় পূর্ববঙ্গ থেকে নিয়ে এসেছিলেন তাঁরা। সে সময় জলপথে ঢাকিরাও আসতেন সেখান থেকে। এখন সময়ের সঙ্গে পরিবেশও বদলেছে। পুজোর জাঁকজমক পাল্টেছে। কিন্তু প্রাচীন রীতি মেনে স্থায়ী মণ্ডপে পুজো হয় একচালার প্রতিমার। পুজোর অন্যতম বৈশিষ্ট, মহাষ্টমী তিথিতে একই মণ্ডপে দুর্গার পাশে পুজো হয় কালীর। পরের দিন সূর্যোদয়ের পূর্বে গঙ্গায় নিরঞ্জন দেওয়া হয়। পুজোর দিন স্থানীয়দের নিয়ে আয়োজন হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। চালকুমড়ো, আখ বলি দেওয়া হয়। ভোগ নিরামিষ। মানুষের মধ্যে এই পুজো ঘিরে উন্মাদনা রয়েছে।
এর পাশাপাশি বিগ বাজেটের পুজো করে নবাঙ্কুর ক্লাব। ৫৪ বছরে পা দিল তাদের দুর্গোৎসব। এবছর বিহারের প্রায় অবলুপ্ত মধুবনী শিল্পকে তুলে ধরেছে তারা। ৭০ ফুট উচ্চতার মণ্ডপ। তবে প্রতিমা সাবেকি ঢঙের। উদ্যোক্তারা জানান, মণ্ডপ ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়া থেকে চতুর্থী হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বস্ত্রদান এবং ডেঙ্গুর প্রতিরোধে মশারি বিতরণ হবে। স্টেশনের সামনে কেজিআর পথের উপর মণ্ডপ তৈরি চলছে। সম্পাদক সুশান্ত দাস জানালেন, প্রতিবছর পুজোয় প্রচুর ভিড় হয়। এবারও ভিড়ের সম্ভাবনা।
লিচুবাগান বাস স্ট্যান্ডের পাশে ছিয়াত্তর বছরের পুজো বিশ্বনাথ স্মৃতি সংঘের। কমিটির অন্যতম কর্মকর্তা সৌমেন হালদার জানান, পুজোর থিম, ‘নারী কথা’। পটচিত্রের মাধ্যমে নারীদের কথা তুলে ধরা হচ্ছে। মণ্ডপের অন্দরসজ্জায় ব্যবহার হয়েছে সরা ও পটের কাজ। শিল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি দুর্গাপ্রতিমা। চন্দননগরের আলোর রোশনাইয়ে গোটা অঞ্চল ঝলমল করবে।  ষোল’র পল্লি করছে দিল্লির অক্ষরধাম মন্দির। ফুলিয়ার শিল্পীরা বানাচ্ছেন মণ্ডপ। প্রতিমা সাবেকি ঢঙের। মণ্ডপের সামনে থাকা জলাশয় আলো দিয়ে সাজিয়ে তোলা হবে। উদ্যোক্তারা জানান, ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুষ্ঠুভাবে পুজো আয়োজনের জন্য প্রশাসন সাহায্য করবে বলে জানান কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী। এর পাশাপাশি দুর্গাপুজোয় কলকাতাকে বড় চ্যালেঞ্জ জানাতে তৈরি কল্যাণীর আইটিআই। এই পুজোয় প্রবল ভিড় হয়। সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ