সংবাদদাতা, কাটোয়া: মা ক্যান্টিন চালাতে হিমশিম খাচ্ছে দাঁইহাট পুরসভা। মুদিখানার বিল ও কর্মীদের বেতন বকেয়া রয়েছে। চলতি মাসেই দু’দিন বন্ধ রাখতে হয়েছিল মা ক্যান্টিন। রাজ্য পুর ও নগরন্নোয়ন দপ্তর থেকে তিন মাসের বরাদ্দ টাকা আসেনি। দুঃস্থ মানুষদের প্রতিদিন পাঁচ টাকার বিনিময়ে ডাল-ভাতের জোগান দিতে হিমশিম খাচ্ছে পুরসভা। পুরসভার চেয়ারম্যান প্রদীপ রায় বলেন, মা ক্যান্টিনের জন্য মুদিখানার বিল বাকি ছিল। কর্মীদের বেতনও বাকি রয়েছে। পুরসভার নিজস্ব তহবিলের অবস্থাও ভালো নয়। তাই দু’দিন বন্ধ রাখতে হয়েছিল। তবে এখন চালু রয়েছে। খুব শীঘ্রই বকেয়া বরাদ্দ টাকা মেটানো হবে বলে রাজ্য পুর ও নগরন্নোয়ন দপ্তর আশ্বাস দিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগেই শহরে মা ক্যান্টিনটি চালু করা হয়েছিল। দুঃস্থদের পাঁচ টাকায় দুপুরের খাবার খাওয়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার মা ক্যান্টিন চালু করেছে। রাজ্যের প্রায় সব পুরসভাতেই মা ক্যান্টিন চালু করা হয়েছে। কিন্তু ডিসেম্বর মাসে ১ ও ২ তারিখ ক্যান্টিন বন্ধ করতে হয়েছিল। পুরসভার দাবি, মুদিখানার বিল প্রায় পঞ্চাশ হাজার টাকা বকেয়া রয়েছে। পাঁচ-ছ’জন কর্মী কাজ করেন। তাঁদেরও বেতন মেটাতে হিমশিম খাচ্ছে পুরসভা। চেয়ারম্যান বলেন, মা ক্যান্টিন চালাতে আমাদের বেগ পেতে হচ্ছে। কিন্তু সেটা বন্ধ করা যাবে না। তবে অনেকেই স্বেচ্ছায় একদিন করে দুঃস্থদের খাওয়ান। শহরের অনেকেই বলছেন, মা ক্যান্টিন বন্ধ হলে বহু মানুষ বিপদে পড়বেন।



