Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

লিচুতে মাখানো হচ্ছে লাল রং, না বুঝে কিনলে স্বাস্থ্যহানির ভয়

লিচুতে মাখানো হচ্ছে লাল রং, না বুঝে কিনলে স্বাস্থ্যহানির ভয়
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: টুকটুকে লাল লিচু দেখলেই জিভে জল আসে! কিন্তু চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনি টকটকে লাল হলেই লিচু ভালো হয় না। ইদানীং লিচুর গায়ে মাখানো হয়েছে লাল রং। লিচু কেনার আগে সাবধান হতে বলছেন চিকিৎসকরা। তাঁরা বলছেন, বাজার থেকে লিচু কেনার আগে ভালো করে তার গায়ের রং দেখে নিন। ভালো লিচু শুধু টকটকে লাল হয় না। যেসব লিচু রং লালে ও সবুজে মেশানো সেগুলি বেশি সুস্বাদু। গাছ থেকে পেড়ে লিচু বাজারজাত করার কিছুদিন আগে অনেক বাগান মালিক ফলের উপর রং ছড়িয়ে দেন। তারপর সামান্য জল স্প্রে করে দিলে লিচুর খোসার খাঁজে সেই রং ধরে নেয়। তারপর গাছ থেকে লিচু নামিয়ে বাজারে বিক্রি হয়। টকটকে লাল রঙের এই লিচু দেখে লোভ সামলানো মুশকিল। লিচুতে থাকে ম্যাগনেশিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাঙ্গানিজের মতো খনিজ, যা হাড়ের গঠন মজবুত করে। এছাড়া লিচুতে প্রচুর অ্যান্টি অক্সিড্যান্ট থাকে, যা শরীরের জন্য ভালো। লিচুতে রয়েছে অলিগোনল, যা নাইট্রিক অক্সাইড তৈরিতে সাহায্য করে। এর ফলে হার্টে রক্ত চলাচল ভালো হয়, স্বাভাবিক থাকে রক্ত চাপ। কিন্তু রং দেওয়া লিচু কিনলে শরীরে ভালোর চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। কীভাবে বুঝবেন লিচুতে রং মিশেছে কি না? যদি লিচু ধরলে হাতে রং লাগে কিংবা লাল লিচু ফ্যাকাশে হয়ে যায়, তাহলে বোঝা যাবে সেই লিচু পাকা নয় এবং শরীরের জন্য ক্ষতিকর। এই লিচু কেনার পর ঘণ্টাখানেক জলে ভিজিয়ে রাখলে, রং উঠতে শুরু করবে। এখন বেশিরভাগ মহিলার ব্যাগেই ওয়েট টিস্যু থাকে। লিচু কেনার আগে পারলে ওয়েট টিস্যু দিয়ে লিচুর খোসার উপর ঘষে নিন। দেখুন রং উঠছে নাকি। ওয়েট টিস্যুতে রং উঠলে তা ভুলেও কিনবেন না। এই রং লিচুর মাধ্যমে শরীরে গিয়ে স্বাস্থ্যহানি ঘটাবে। বিশেষ করে শিশুদের পেট খারাপ হতে পারে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক কৃশানু দে বলেন, রঙে থাকা রাসায়নিকের প্রভাবে শিশুদের শরীরে সবথেকে বেশি সমস্যা হতে পারে। এছাড়া খালি পেটে বেশি লিচু খেয়ে নিলে দেখা দেবে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ। এর ফলে জ্বর, ঘন ঘন বমি, খিঁচুনি, মাথা যন্ত্রণা, মস্তিষ্কে ব্যথা অনুভব হতে পারে। এমনকী খাদ্যনালিতেও সংক্রমণ হতে পারে। এছাড়া কৃত্রিম রং দেওয়া লিচুর ফলে লিভারে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। হরিদাসমাটি এলাকার বাসিন্দা শান্তনু দে বলেন, রং মাখানো লিচু জলে দিলে জল লালচে হয়ে যাচ্ছে। বাচ্চাদের লিচু দিতেও ভয় হচ্ছে। রানিবাগানের বাসিন্দা অঞ্জলি মুখোপাধ্যায় বলেন, সবসময়ে গাঢ় লাল রঙের লিচু কিনি। বেশ মিষ্টি হয়। রং দেওয়া আছে কি না, তা তো বুঝি না। বাজারে গিয়ে পরীক্ষা করে দেখারও সময় হয় না। এবার থেকে লিচু কেনার আগে ভালো করে দেখতে হবে।  - প্রতীকী চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ