লুধিয়ানা: কারখানার বহুতলের একাংশ ভেঙে মৃত্যু হল এক কর্মীর। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন পাঁচজন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। স্থানীয়রা জানিয়েছেন, বহুতল ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে গোটা এলাকা। লুধিয়ানার ডেপুটি কমিশনার জ্যোতিন্দর জারওয়াল বলেন, উদ্ধারের পর জখমদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং মেডিক্যাল টিম মোতায়েন রাখার জন্য স্বাস্থ্যদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ফোকাল পয়েন্ট থানা এবং এনডিআরএফের কর্মীরা উদ্ধারের কাজ করছেন। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন, ‘লুধিয়ানায় কারখানা ভেঙে পড়ার খবর পেলাম। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। ধ্বংসস্তূপের নীচে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের দ্রুত উদ্ধার করা যাবে বলে আশা করছি।’



