নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: নেশার ওষুধ মেশানো খাবার খাইয়ে বাহিন চান্দাহারে লুটের ঘটনায় দুই অভিযুক্তকে জামিন দিল জেলা আদালত। অভিযোগকারীর জমা দেওয়া হলফনামার ভিত্তিতে আদালতের এই নির্দেশ বলে জানা গিয়েছে। অভিযোগ, গত ২৭ ডিসেম্বর মহারাজপুর চান্দাহার এলাকায় মেহের আলির বাড়িতে লুটের ঘটনাটি ঘটে। পেশায় কলমিস্ত্রি মেহেরের দাবি ছিল, আত্মীয় নূর আলম( ২৫) ও তাঁর স্ত্রী লজি খাতুন (২৪) বাড়িতে এসে খাবারের সঙ্গে নেশার ওষুধ বা কিছু মিশিয়ে দেয়। তাতে পরিবারের সদস্যরা সকলে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। সেই সুযোগে বাড়িতে থাকা নগদ সাড়ে ন’লাখ টাকা ও গয়না খোয়া যায়। শনিবার সকালে ঘুমের ঘোর কাটলে বিষয়টি রায়গঞ্জ থানায় জানানো হয়। এরপরই সন্দেহভাজন আত্মীয় নূর ও লজিকে পুলিস গ্রেপ্তার করে। চারদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও পুলিস প্রথম থেকেই ধন্দে ছিল। জেলা আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, এদিন চুরির ঘটনার অভিযোগকারী গৃহকর্তা আদালতে হলফনামা জমা দিয়ে জানান নূর ও লজি জামিনে মুক্তি পেলে তাঁর কোনও আপত্তি নেই। এরপরই জামিন হয় দু’জনের।



