Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘যানজট মেটাতে ভিলেন হয়েছি, টেনে ধরেছে দল’

‘যানজট মেটাতে ভিলেন হয়েছি, টেনে ধরেছে দল’
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা,  পুরুলিয়া: পুরুলিয়া শহরের যানজট মোকাবিলা করার চেষ্টা করতে গিয়ে সকলের শত্রু হয়ে গিয়েছি। ‘ভিলেন’ও হয়েছি। প্রশাসনও সহযোগিতা করেনি। এমনকী বেশি সক্রিয় হতেই নিজের দল পেছন থেকে টেনে ধরেছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরুলিয়া পুরসভার খোদ চেয়ারম্যানের এমন বক্তব্যে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। চেয়ারম্যান পরিবর্তন নিয়ে চর্চার মাঝেই পুরুলিয়া পুরসভার চেয়ারম্যানের এমন বক্তব্যে শোরগোল পড়েছে দলের অভ্যন্তরেও। প্রশ্ন উঠেছে, তাহলে কি বিদায়ের সুর চেয়ারম্যানের কণ্ঠে? 
Advertisement
গত লোকসভা ভোটে পুরুলিয়া শহর এলাকায় ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। অনেকেই শহরে ভরাডুবির জন্য চেয়ারম্যান সহ পুরবোর্ডকে দায়ী করেছেন। তবে ভিন্ন মতও রয়েছে। দলের পক্ষ থেকে যে কোনওদিন পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান পরিবর্তনের নির্দেশ আসতে পারে বলে চর্চা চলছিল শহরজুড়ে। তার মাঝেই পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালী সম্প্রতি পুরুলিয়া শহরের হোটেল মালিক অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে শহরের যানজটের সমস্যার সমাধান না হওয়ার বিষয় বলতে গিয়ে প্রশাসনের অসহযোগিতার কথা উল্লেখ করেন। চেয়ারম্যান বলেন, শহরকে ক্লিন সিটি এবং গ্রিন সিটি করতে চেয়েছিলাম। প্রথম স্টেপ নিয়েছিলাম শহরে টোটোকে নিয়ন্ত্রণ করা। জোড় এবং বিজোড় নম্বরের টোটো চলাচলের সিস্টেম চালু করেছিলাম। কিন্তু সাধারণ মানুষ এটা সমর্থন করেননি। প্রশাসনও সহযোগিতা করল না। তিনি আরও বলেন, রাস্তায় নেমে সক্রিয়ভাবে কাজ করতে গিয়ে সবার শত্রু হয়ে গিয়েছি, ঘেরাও হয়েছি। অথচ কেউ বিষয়টি নিয়ে সোচ্চার হলেন না। দখলমুক্ত কীভাবে হবে, সে কথা কেউ বলছেন না। চেয়ারম্যান রাস্তায় নামার পরও কেউ সমর্থন করলেন না। জেলার মানুষের স্বার্থে ভিলেন সাজতে হলেও রাজি আছি। আমি ভোটকে পরোয়া করি না। রাজনৈতিক নেতাদের সবচেয়ে বড় দুর্বলতা তো ভোট। খুব সক্রিয় হলে ভোট কমে যাবে। দলও আমাকে বারবার ব্যাকফুটে টানছে। মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক করে পুরসভাগুলির জন্য যে নির্দেশ দিয়েছিলেন, যানজট মোকাবিলায় পুরুলিয়াতে তা অনেক আগে থেকেই শুরু করা হয়েছিল। চেয়ারম্যানের বক্তব্য, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়েছে। পুরসভার শাসকদলেরই এক কাউন্সিলার বলেন, দলের পক্ষ থেকে চেয়ারম্যান বদল নিশ্চিত জানার পরে নিজের হয়ে সাফাই গাইছেন তিনি। পুর বোর্ড পরিচালনার ক্ষেত্রে ব্যর্থতা ঢাকতে এসব বলছেন চেয়ারম্যান। 
সম্পর্কিত সংবাদ