Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘সফল’ গ্রাম পঞ্চায়েতগুলির কাজ দেখলেন বিভিন্ন জেলার জনপ্রতিনিধি, মিলল পরামর্শ

‘সফল’ গ্রাম পঞ্চায়েতগুলির কাজ দেখলেন বিভিন্ন জেলার জনপ্রতিনিধি, মিলল পরামর্শ
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নারী ক্ষমতায়ন ও কর্মসংস্থান, নিজস্ব আয় বৃদ্ধি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মতো ক্ষেত্রগুলিতে উল্লেখযোগ্য সাফল্য কীভাবে মিলতে পারে, রাজ্যের পাঁচ জেলার পঞ্চায়েত পদাধিকারীদের সেই ‘টোটকা’ দিল দক্ষিণ ২৪ পরগনার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ। পাঁচ জেলার বিভিন্ন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি থেকে আসা জনপ্রতিনিধিদের তিনদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ঘোরানো হয়। সেখানে কীভাবে কাজ করে তারা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে, তা বিস্তারিত তুলে ধরা হয়। প্রতিনিধিরা যাতে নিজ নিজ এলাকায় গিয়ে ওই কাজগুলি আরও ভালোভাবে করত পারেন, তার জন্যই এই ‘এক্সপোজার ভিজিট’ বলে জানা গিয়েছে। হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলা থেকে পঞ্চায়েত পদাধিকারীরা এসেছিলেন। ১১ থেকে ১৩ নভেম্বর তাঁরা জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরেছেন। 
Advertisement
তাঁদের প্রথম গন্তব্য ছিল হরিহরপুর পঞ্চায়েত। এই পঞ্চায়েত কীভাবে নিজস্ব আয়ের সংস্থান করেছে, তা বিস্তারিত তুলে ধরা হয়। এরপর তাঁদের নিয়ে যাওয়া হয় গোসাবার রাঙাবেলিয়া পঞ্চায়েতে। এই পঞ্চায়েত নারী ক্ষমতায়ন, কর্মসংস্থান থেকে শুরু করে  শিশু ও মহিলাবান্ধব পঞ্চায়েত গড়ে তুলেছে।  এখানেও আগত পঞ্চায়েত কর্তাদের বেশ কিছু পরামর্শ দেওয়া হয়। চলে তথ্য আদান প্রদানও। বুধবার সবশেষে তাঁরা যান কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট ঘুরে দেখতে। এক্ষেত্রে ভালো কাজের জন্য কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকার পুরস্কৃত করে এই পঞ্চায়েতকে। কীভাবে তারা গোটা প্রকল্পটির বাস্তবায়ন করেছে, তা বিস্তারিত জানানো হয়।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ