Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘রেকর্ড’ ভোটে তৃণমূল জেতায় দলের অন্দরেই চড়া সুর বিজেপির একাংশের

‘রেকর্ড’ ভোটে তৃণমূল জেতায় দলের অন্দরেই চড়া সুর বিজেপির একাংশের
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: উপ নির্বাচনে রেকর্ড হল সিতাইতে। ১ লক্ষ ৩০ হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। বিধানসভার সবক’টি গ্রাম পঞ্চায়েতেই লিড পেয়েছেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে, বিজেপি প্রার্থী নিজের বুথেই ধরাশায়ী হন। ৬২ নম্বর বুথের ভোটার বিজেপি প্রার্থী দীপককুমার রায় পেয়েছেন মাত্র ১১৩টি ভোট। সেখানে জোড়াফুলের প্রার্থী সঙ্গীতা রায় পেয়েছেন ৪৩৫টি ভোট। নির্বাচনের ময়দানে চতুর্থবারের জন্য পরাজিত হলেন দীপক। রেকর্ড ভোটে জিতে বিধানসভায় পা রাখছেন সঙ্গীতা। 
Advertisement
এদিকে, সিতাইয়ে রেকর্ড জয়ে উৎফুল্ল তৃণমূল শিবির। দলে কেউ যোগ দিতে চাইলে তাঁকে স্বাগত জানাবে কোচবিহার জেলা নেতৃত্ব। লক্ষাধিক ভোটে  হেরে হতাশায় ভুগছে বিজেপি। দলের এই বিপর্যয়ের জন্যই শীর্ষ নেতৃত্বকেই দায়ী করছেন দলের একাংশ। 
বিজেপির সিতাই বিধানসভার ৬ নম্বর মণ্ডলের ইনচার্জ তথা ৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক আইনজীবী সুদীপ মণ্ডল সুর চড়িয়ে বলেন, হেরো প্রার্থীকে বারবার টিকিট দিচ্ছে দল। সেই কারণেই এই বিপর্যয় সিতাইতে। এবারের উপ নির্বাচনে নিজের বুথেই এজেন্ট দিতে পারেননি প্রার্থী। বিপুল ভোটে হেরেছেন সেখানে। জেলার কিছু নেতা নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই হেরো প্রার্থীকে টিকিট দিতে দরবার করেছিলেন। দলের কর্মীরা মনক্ষুণ্ণ ছিল সেই কারণে। তারজন্যই সিতাইতে দল নিশ্চিহ্ন হওয়ার পথে। সিতাই উপ নির্বাচনে বিজেপি প্রার্থী দীপককুমার রায় বলেন, দলের নির্দেশে প্রার্থী হয়েছি। নিজের সেরাটা দিয়ে লড়াই করেছি। তৃণমূলের সন্ত্রাস আর জুলুমবাজির কারণে এই পরাজয়। 
অন্যদিকে, কোচবিহারের সাংসদ তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, বিজেপির যেই প্রার্থী হতেন না কেন ফল একই থাকত। ছাব্বিশের বিধানসভা ভোটে সিতাই কেন্দ্রে ওরা কোনও প্রার্থী খুঁজে পাবে না।
সম্পর্কিত সংবাদ