Bartaman Logo
১০ জুন, ২০২৬

‘পদ্মশ্রী’ আসলে কে? দ্বন্দ্ব গড়াল ওড়িশার হাইকোর্টে

‘পদ্মশ্রী’ আসলে কে? দ্বন্দ্ব গড়াল ওড়িশার হাইকোর্টে
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ভুবনেশ্বর: ‘পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি,মূর্তি ভাবে আমি দেব–হাসে অন্তর্যামী।’ কিন্তু এই লড়াইয়ে কোন ‘অন্তর্যামী’ শেষ হাসি হাসবেন, সেটাই যেন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একজন পেশায় ডাক্তার ও সাহিত্যিক। অন্যজন প্রাক্তন সাংবাদিক। দু’জনেরই নাম তো বটেই পদবি এক। অন্তর্যামী মিশ্র। ২০২৩ সালে সাংবাদিক ‘অন্তর্যামী’ পেয়েছিলেন পদ্মশ্রী। অথচ সাহিত্যিকের দাবি, নামের মিল থাকার সুযোগকে কাজে লাগিয়েছেন ওই সাংবাদিক। অথচ সাহিত্যক্ষেত্রে তাঁর কোনও অবদান নেই। সেজন্য এই সম্মান তিনি পেতে পারেন না। এব্যাপারে দুই অন্তর্যামীর দ্বন্দ্বের জল গড়িয়েছে ওড়িশা হাইকোর্টে। দুই দাবিদারের অভিযোগে রীতিমতো হতবাক বিচারপতি এস কে পানিগ্রাহী। আগামী ২৪ ফেব্রুয়ারি দুপুর দু’টোয় দু’জনকে প্রয়োজনীয় নথি নিয়ে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি নোটিস পাঠানো হয়েছে কেন্দ্রকেও। দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান নিয়ে এহেন বিতর্কে বিস্মিত আম জনতা। অভিযোগকারী সাহিত্যিক অন্তর্যামী ভুবনেশ্বরের টাঙ্কাপানি রোডের বাসিন্দা। ওড়িয়া সহ একাধিক ভারতীয় ভাষায় তাঁর লেখা বই প্রকাশিত হয়েছে। মামলাকারীর আইনজীবী জানান, পদ্ম পুরষ্কার পাওয়ায় কথা জানিয়ে আমার মক্কেলকে ফোনে শুভেচ্ছা জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাই তিনিই পদ্মশ্রী সম্মানের আসল দাবিদার। এই দাবি অবশ্য মানতে নারাজ ঢেঙ্কানল শহরের বাসিন্দা সাংবাদিক অন্তর্যামী। ইতিমধ্যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণও করেছেন তিনি। তাঁর দাবি, ‘কোর্টের মামলা নিয়ে কিছু জানতাম না। আমার পদ্ম পুরষ্কার পাওয়া নিয়ে কোনওরকম সংশয়ের অবকাশ নেই। ওড়িশা ছাড়াও অন্যান্য রাজ্যের বহু মানুষ আমার নাম সুপারিশ করেছিলেন। তালিকায় রয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন গভর্নর বিশ্বভূষণ হরিচরণ। কেন্দ্রীয় সরকারের তরফ আমার ঠিকানায় চিঠি পর্যন্ত পাঠানো হয়।’ মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি পানিগ্রাহী বলেন, ‘পদ্মশ্রী প্রাপকদের সম্পর্কে যাবতীয় তথ্য যাচাইয়ের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাজ্য সরকার। তা সত্ত্বেও শুধু নাম এক হওয়ায় দাবি, পাল্টা দাবির এই পরিস্থিতি সত্যিই বিস্ময়কর।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ