মুম্বই: ইউটিউবে পাঁচ লক্ষ ৩০ হাজারের মতো ফলোয়ার। ফেসবুক, ইনস্টাগ্রামেও সংখ্যাটা এক লক্ষ ছুঁই ছুঁই। এহেন জনপ্রিয় ফিনফ্লুয়েন্সার ‘অপশনস কুইন’ অস্মিতা প্যাটেলকে নিষিদ্ধ করল বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি। ফলে পরবর্তী ছাড়পত্র না মেলা পর্যন্ত বাজারের সঙ্গে যুক্ত কোনও কার্যকলাপে যুক্ত থাকতে পারবেন না।
Advertisement
বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার বাজারে লগ্নির নানা পরামর্শ দেন অস্মিতা। ভক্তও জুটে যায়। খুলে ফেলেছিলেন শিক্ষা প্রতিষ্ঠান। বড় অঙ্কের ফি নিয়ে করানো হয় নানা কোর্স। জনপ্রিয় এই ফিনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অভিযোগ অনৈতিকভাবে মুনাফা করা। সেবির নির্দেশিকা অনুযায়ী, অস্মিতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তাঁরই একাধিক ক্লায়েন্ট। প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল, জুম মিট ও এডুকেশনাল কোর্সের মাধ্যমে তিনি বাছাই কিছু শেয়ারে টাকা ঢালার জন্য লগ্নিকারীদের প্রভাবিত করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, বড় মুনাফার স্বপ্ন দেখিয়ে পড়ুয়া, লগ্নিকারী বা ফলোয়ারদের সবকিছু ছাড়িয়ে অস্মিতা নিজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের কোর্সে ভর্তি করাতেন বলেও তথ্যপ্রমাণ হাতে আসে সেবির।



