Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘নো প্লাস্টিক জোন’ তেহট্টে প্লাস্টিকের ব্যবহার, ক্ষোভ নাগরিকদের

‘নো প্লাস্টিক জোন’ তেহট্টে প্লাস্টিকের ব্যবহার, ক্ষোভ নাগরিকদের
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: নো প্লাস্টিক জোন ঘোষণা হয়েছে বেশ কয়েক মাস আগে। তারপরেও বেশ কয়েক সপ্তাহ ধরে তেহট্টের বিভিন্ন দোকান ও বাজারে দেখতে পাওয়া যাচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক মুক্ত তেহট্টের ঘোষণার পরেও মিহি প্লাস্টিকের ব্যবহার বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ সচেতন নাগরিকেরা। অথচ হেলদোল নেই প্রশাসনের। 
Advertisement
প্রশাসনিক ভাবে জানা গিয়েছে, মাস কয়েক আগে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার এতটাই বেড়ে গিয়েছিল যে, পুকুর, জলাশয়, নিকাশি এমনকী নদীতেও সেই বর্জ্য ভাসতে দেখা যেত। এরপর সেই সময়ের তেহট্ট ১ ব্লকের তত্ত্বাবধায়নে প্লাস্টিক বন্ধের নানান প্রচার শুরু হয়। তেহট্ট জুড়ে সেই সময়ের বিডিও শুভাশিস মজুমদার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করেন কেজি কেজি প্লাস্টিক। এরপরেই তেহট্ট পঞ্চায়েতের ৬ কিলোমিটারের মধ্যে মূল অংশকে প্লাস্টিক মুক্ত তেহট্টের ঘোষণা করা হয়। নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহারে ফাইনের প্রচার করা হয়। 
কিন্তু বর্তমানে আবার মাথাচাড়া দিয়েছে প্লাস্টিকের ব্যবহার। অভিযোগ, যেকোনও দোকানে ক্রেতাদের ওই প্লাস্টিকেই ক্রেতাদের জিনিস দেওয়া হচ্ছে। দোকানেও সেই প্লাস্টিকের ব্যবহার প্রায় প্রতিদিনই নজরে এসেছে বলে অভিযোগ একাংশের। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, ওই প্লাস্টিক ব্যবহার করা যাবে না, এমন সচেতনতামূলক নির্দেশ প্রশাসনের তরফে তাদের কাছে দেওয়া হয়নি। 
তেহট্টের কিছু কিছু জায়গায় আবার এও গুঞ্জন শোনা গিয়েছে, আগের বিডিওর বদলির পরই বেশ কিছু দোকানে নিষিদ্ধ প্লাস্টিক গোপন জায়গা থেকে বের করা হয়েছে। এখন তা দিয়েই কাজ চালাচ্ছে অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দোকানদার বলেন, এখন যিনি বিডিও এসেছেন, তিনি সেভাবে অভিযান করছেন না। আগে যখন অভিযান হতো, তখন কিছু প্লাস্টিক লুকিয়ে রেখেছিলাম। এখন সেগুলোরই ব্যবহার হচ্ছে। সবকিছুর পেছনে ক্রেতা ও বিক্রেতা সকলের সচেতনতার অভাব আছে বলেই জানাচ্ছেন এলাকার সচেতন নাগরিকেরা। 
তবে তেহট্ট ১ ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে, সবকিছু বিচার বিবেচনা করে এলাকার বিভিন্ন জায়গায় প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হচ্ছে। এমনকী ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে এর প্রচার চালানো হয়েছে। এলাকার মূল অংশের বিভিন্ন মিষ্টি, ফল, আনাজ সহ অন্য দোকান থেকে নিষিদ্ধ প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়েছে। এবিষয়ে তেহট্ট ১ বিডিও সঞ্জীব সেন বলেন, প্লাস্টিক পরিবেশের ক্ষতি করে, কোনমতেই এর ব্যবহার করতে দেওয়া যাবে না। অভিযান চালানো হচ্ছে। এসব ব্যবহার করলে ফাইনের ব্যবস্থাও করা হবে।
সম্পর্কিত সংবাদ