Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘নয়ে ৯, একটাও কম নয়’, ঘুঘুমারি কদমতলার দলীয় কর্মিসভা থেকে ডাক তৃণমূল কংগ্রেসের

‘নয়ে ৯, একটাও কম নয়’, ঘুঘুমারি কদমতলার দলীয় কর্মিসভা থেকে ডাক তৃণমূল কংগ্রেসের
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দেওয়ানহাট: ‘নয়ে ৯, একটাও কম নয়’। বিধানসভা ভিত্তিক কর্মিসভা থেকে এমনই ডাক দিল তৃণমূল কংগ্রেস। একুশের বিধানসভায় কোচবিহার জেলায় মাত্র দু’টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। তাদের নিজেদের দখলে থাকা বাকি ছ’টি আসন হাতছাড়া হয়। ওই আসনগুলিতে জেতে বিজেপি। অন্যদিকে, জেলার বিধানসভা ভিত্তিক তৃণমূলের কর্মিসভায় বরাবরের মতো এদিনও গরহাজির ছিলেন কোচবিহারের দুই প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায়। জেলা নেতৃত্ব দলকে ‘সঙ্ঘবদ্ধ’ বলে দাবি করলেও ওই দুই নেতার লাগাতার একের পর এক সভায় অনুপস্থিত থাকায় দলের অন্দরেই এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে। 
Advertisement
ফলে ছাব্বিশের বিধানসভা ভোটে হারানো আসনগুলি পুনরুদ্ধার সহ জেলার ৯ আসনেই দলের প্রার্থীকে জেতাতে আগে থেকেই জোরদার কর্মসূচি করছে রাজ্যের শাসক দল তৃণমূল। ইতিমধ্যেই কোচবিহার জেলার প্রতিটি বিধানসভা ধরে বিধানসভা ভিত্তিক কর্মিসভা শুরু করেছে তারা। শুক্রবার কোচবিহার-১ ব্লকের ঘুঘুমারি কদমতলা এলাকায় কোচবিহার দক্ষিণ বিধানসভার কর্মিসভা করা হয়। ওই সভা থেকে জেলার ন’টি আসনেই জয়ের ডাক দেওয়া হয়েছে। তার থেকে যেন একটাও কম না হয়। 
শুক্রবার বিকেলে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ঘুঘুমারি কদমতলায় কর্মিসভা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, কেউ কেউ ভাবছেন ছাব্বিশে রাস্তা কেটে দিতে হবে। ছাব্বিশে যারা লেজ কাটার জন্য তৈরি হচ্ছেন তাদের সবরকম চক্রান্তকে ব্যর্থ করে ঘরে-বাইরে লড়াই করে আগামী দিনে আমাদের ৯-৯ আসনে জয়ী হতে হবে। সবাই মিলে আমাদের এই শপথ নিতে হবে। 
কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, তৃণমূলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে সভাপতি করেছেন তাঁর নেতৃত্বে ৯টি বিধানসভায় জয়ের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মিটিং থেকে ফিরে গিয়ে নিজের নিজের বুথকে আগলে রাখবেন। যাতে বুথে বিজেপি কোনও জায়গা করতে না পায়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়ন গুহ বলেন, যাঁরা সভায় আসেননি তাঁরাই ভালো বলতে পারবেন কেন এলেন না। অন্যদিকে, ওই দুই নেতা রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায়ের দাবি, সভায় তাঁদের আমন্ত্রণই জানানো হচ্ছে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ