Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘মাসুম দলের কেউ নয়’, দায় এড়াল তৃণমূল কংগ্রেস

‘মাসুম দলের কেউ নয়’, দায় এড়াল তৃণমূল কংগ্রেস
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: শনিবার শীতলকুচি কলেজ চত্বর থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিস। কলেজ চত্বরে টিএমসির প্রাক্তন ছাত্রনেতা মাসুম আক্তার ও বর্তমান সদস্যদের মধ্যে হাতাহাতি হয়। অভিযোগ, সেই সময় মাসুম আক্তারের কাছে থাকা আগ্নেয়াস্ত্রটি মাটিতে পড়ে যায়। যদিও রবিবার তৃণমূল ছাত্র পরিষদের শীতলকুচি ব্লক সভাপতি শাহানুর আলম সাংবাদিক সম্মেলন করে জানান, অভিযুক্ত মাসুম আক্তার তৃণমূল ছাত্র পরিষদের সদস্য নয়। তার সঙ্গে দলের সম্পর্ক নেই। যদিও এদিনের ঘটনার খবরে শোরগোল পড়েছে। বিরোধীরা বলছে, এই ইস্যুতে দায় এড়াচ্ছে তৃণমূল। 
Advertisement
যদিও শনিবার রাতে সামাজিক মাধ্যমে ভিডিও দিয়ে অভিযুক্ত মাসুম আক্তার জানান, আমাকে ফাঁসানো হয়েছে। এদিন কলেজের টিআইসির সঙ্গে কথা বলতে গেলে কামেল হাসনাথ চৌধুরী ও তার দলবল আমাকে মারধর করে। সেসময় গোপনে আমার কোমড়ে ওরা আগ্নেয়াস্ত্রটি গুঁজে দেয়।  
এদিকে, কলেজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। তিনি জানান, পশ্চিমবঙ্গে কলেজ নয় হাসপাতাল, স্কুল, কোনওকিছুরই নিরাপত্তা নেই। তৃণমূল নেতারদের মদতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরার সাহস পাচ্ছে মাসুম আক্তারের মত দুষ্কৃতীরা। এলাকায় ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকে ঝেড়ে ফেলার চেষ্টা করে শাসকদল। এটাই ওদের নীতি। শীতলকুচি কলেজের পরিচালন সমিতির সদস্য তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপনকুমার গুহ জানান, কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করতে দ্রুত বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। আইন আইনের মত চলবে। পুলিস ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে।
সম্পর্কিত সংবাদ