Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’, কাওয়াখালি মাঠে ভিড় পদ্ম শিবিরের নেতাদের

‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’, কাওয়াখালি মাঠে ভিড় পদ্ম শিবিরের নেতাদের
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গের শক্তঘাঁটি ক্রমেই ফসকে যাচ্ছে বিজেপির হাত থেকে। আগামী বিধানসভার আগে তাই ধর্মের হাত ধরে হিন্দু ভোট ফেরাতে মরিয়া বিজেপির রাজ্য নেতৃত্ব। সম্প্রতি উত্তরের দু’টি উপ নির্বাচনে পরাজিত হয়েছে গেরুয়া শিবির। মাদারিহাট আসন হাতছাড়া হয়েছে। এমন অবস্থায় সনাতনী হিন্দুদের পাশে থাকার বার্তা দিয়ে আশার আলো জাগিয়ে ভোটবাক্স ভরাতে মরিয়া গেরুয়া শিবিরের নেতারা। রবিবার তারই ‘মহড়া’ পাওয়া গেল শিলিগুড়ির কাওয়াখালি মাঠে আয়োজিত ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ কর্মসূচিতে। 
Advertisement
বিজেপির বালুরঘাটের এমপি তথা রাজ্য সভাপতি মন্ত্রী সুকান্ত মজুমদার, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়, বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ রাজ্যের একাধিক বিজেপি বিধায়ক, সাংসদ উপস্থিত ছিলেন। প্রত্যেকেই হিন্দুদের একত্রিত হয়ে লড়াইয়ের পথে নামার বার্তা দেন। অনুষ্ঠান মঞ্চে না উঠলেও মঞ্চের নীচেই তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করেছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ কর্মসূচির উদ্যোক্তা সনাতন সংস্কৃতি সংসদ। 
বিজেপি নেতাদের দাবি, বিশ্বের সমগ্র ধর্মের জনক সনাতনী হিন্দু ধর্ম। এই ধর্মের মানুষকে একত্রিত হতে হবে। তাহলে আগামীতে বাংলাদেশের মতো পরিস্থিতি হবে না। সেই লক্ষ্যেই দিকে দিকে এই ধরনের গীতা পাঠ সহ একাধিক কর্মসূচি নিতে আহ্বান জানানো। যদিও কর্মসূচিতে তাঁদের উপস্থিতির সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি। রাজু বিস্তা থেকে দিলীপ ঘোষ সকলেই বলেন, আমরা হিন্দু। তাই সনাতনী হিন্দুদের অনুষ্ঠানে আমরা উপস্থিত থেকেছি। গীতা পাঠ করেছি। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। 
সুকান্তবাবু বলেন, হিন্দুরা একত্রিত হতে চেয়েছেন। সেই অনুষ্ঠানে আমরাও শরীক হয়েছি। একাধিক জায়গায় এমন অনুষ্ঠানের মধ্যে দিয়ে হিন্দু সংস্কৃতি আরও বেশি করে জাগ্রত হওয়া উচিত। রাজু বিস্তা বলেন, উত্তরবঙ্গ তথা দার্জিলিংয়ের জন্য গর্বের বিষয় যে এই কর্মসূচি করতে শিলিগুড়িকে বেছে নিয়েছেন উদ্যোক্তারা।  
সম্পর্কিত সংবাদ