Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘জব ফেয়ার’ কর্মসূচি ঘিরে তীব্র উন্মাদনা মেদিনীপুরে

‘জব ফেয়ার’ কর্মসূচি ঘিরে তীব্র উন্মাদনা মেদিনীপুরে
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় ‘জব ফেয়ার’ কর্মসূচি ঘিরে উন্মাদনা তুঙ্গে। সোমবার মেদিনীপুর গভর্নমেন্ট আইটিআই কলেজে চাকরি প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জব ফেয়ারের মাধ্যমে সরাসরি চাকরির অফার লেটার হাতে পাওয়ায় খুশি চাকরি প্রার্থীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি, অতিরিক্ত জেলাশাসক (ডেভেলপমেন্ট) কেম্পা হোনাইয়া সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। জানা গিয়েছে, উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ভোকেশনাল ট্রেনিং নেওয়া পড়ুয়ারাই জব ফেয়ারে অংশ নেন। এই জব ফেয়ার কর্মসূচিতে প্রায় ৬৪৯ জন অংশ নেন। তাঁদের স্কিল দেখে প্রায় ৫৬৬ জনকে সিলেক্ট করে অফার লেটার দেওয়া হয়। প্রশাসনের আধিকারিকদের কথায়, এর মাধ্যমে বাড়বে কর্মসংস্থান। একইসঙ্গে বিভিন্ন কাজে দক্ষ ব্যক্তিরা কাজের সুযোগ পাবেন। এতে তাঁদের অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসও বাড়বে। 
Advertisement
এদিন জেলাশাসক বেশ কয়েকজনের হাতে অফার লেটার তুলে দেন। তিনি বলেন, আমরা চাই কর্মসংস্থান আরও বাড়ুক। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের হাতে অফার লেটার তুলে দিতে পেরে ভালো লাগছে। জেলা প্রশাসন সাধারণ মানুষের পাশে সর্বদা আছে। প্রসঙ্গত, বাংলার বেকার যুবক-যুবতীদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে চাকরির উপযোগী করে তোলাই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। এতে বাড়বে কর্মসংস্থান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৬ সাল নাগাদ ‘উৎকর্ষ বাংলা’ কর্মসূচির সূচনা হয়। মূলত কারিগরি বিষয়ে যাঁদের উৎসাহ আছে,  তাঁদেরই হাতে কলমে শিখিয়ে পড়িয়ে নেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে। একইসঙ্গে তাঁদের কর্মসংস্থানের উপযোগী করিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়। ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে যেকেউ নাম নথিভুক্ত করতে পারবেন। জানা গিয়েছে, করোনা পরিস্থিতির আগে থেকেই দেশজুড়ে চাকরির বাজারে ধস নেমেছে। সেই কথা মাথায় রেখেই জব ফেয়ারের সূচনা হয়। এই জব ফেয়ারের মাধ্যমে উপকৃত হচ্ছেন বহু সাধারণ মধ্যবিত্ত পরিবার। প্রশাসনের এক আধিকারিক বলেন, জেলায় উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বহু মানুষ ট্রেনিং নিয়ে চাকরি পেয়েছেন। একইসঙ্গে বহু মানুষ নিজেদের তৈরি জিনিসের ব্যবসা করেও স্বনির্ভর হচ্ছেন। জেলায় ট্রেনিং নিতে আগ্রহী হচ্ছেন বহু ছাত্রছাত্রী থেকে গৃহবধূও। 
এদিন মাদুর ডিজাইনার পদে অফার লেটার পান সবং-এর বাসিন্দা মিতালি জানা ভূঁইয়া। তিনি বলেন, চাকরির অফার পেয়ে খুবই খুশি। এই চাকরি করলে সংসারে অনেকটাই উপকার হবে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। 
অপরদিকে খড়্গপুর টাউনের বাসিন্দা ঝুনু কোটাল দর্জির কাজের জন্য অফার লেটার পেয়েছেন। তিনি বলেন, চাকরির অফার পেয়ে খুবই খুশি হয়েছি। কাজ শিখে স্বনির্ভর হতে পারছি। স্বপ্ন পূরণ হল।  
সম্পর্কিত সংবাদ