নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিনব উদ্যোগ সিআইএসএফের। সচেতনতার প্রচার আর সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক নিবিড় করে তুলতে ৬,৫৫৩ কিমি দীর্ঘ এক সাইকেল যাত্রা শুরু করতে চলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিরাপত্তার আঁটোসাঁটো বন্দোবস্তের সঙ্গে এবার যাত্রী সুবিধার্থে সিআইএসএফ জওয়ানদের বাংলাভাষা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
Advertisement
কলকাতা বিমানবন্দরের অভ্যন্তরে নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা তত্ত্বাবধান করে সিআইএসএফ। সুরক্ষার স্বার্থে কোনও অবস্থায় আপস করা হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সিআইএসএফের আধিকারিকরা। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সুরক্ষা বলয় আরও আঁটোসাঁটো করা হচ্ছে সিআইএসএফের তরফে। ‘কলকাতা বিমানবন্দরে আপনারা সকলেই সুরক্ষিত আছেন’—এই বার্তাটা দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফে। যাত্রী সুবিধার্থে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে তারা। যেহেতু কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে দেশ-বিদেশের নানা প্রান্তের মানুষের আসা-যাওয়া করেন, তাই সেখানে যাতে কোনওভাবে ভাষাগত সমস্যা না-হয়, সেদিকে গুরুত্ব দিয়েছে সিআইএসএফ। বাংলাভাষায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সিকিউরিটি চেকিংয়ের সময় ব্যবহৃত বাংলাভাষায় কতগুলি বিষয় শেখানো হচ্ছে জওয়ানদের। ম্যানি ব্যাগ, মোবাইল, বেল্ট, পাওয়ার ব্যাঙ্ক ট্রে’তে রাখুন কিংবা আপনার বোর্ডিং পাসটি দেখান—এই জাতীয় বিষয়গুলি জওয়ানরা যাতে বাংলাতেই বলতে পারেন, তার জন্য একটি ফরম্যাট দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাঁদের। কলকাতা বিমানবন্দরে ২২০০ সিআইএসএফ জওয়ান রয়েছেন। বাংলা ছাড়াও হিন্দি ও ইংরেজি ভাষাতেও তাঁদের প্রশিক্ষিত করে তোলা হচ্ছে। এক শীর্ষ আধিকারিক জানান, যাত্রী সুবিধার্থে তাঁদের তিনটি ভাষায় সড়গড় করে তোলা হচ্ছে। অন্যদিকে, ৭ মার্চ থেকে উপকূলবর্তী এলাকায় সিআইএসএফ সাইকেল যাত্রা শুরু করছে। বকখালি থেকে ২৫ দিনের ‘সাইক্লোথন’ নামের এই কর্মসূচি শুরু হচ্ছে। ১৪ জন মহিলাসহ মোট ১২৫ জন জওয়ান অংশ নেবেন। তাঁরা অতিক্রম করবেন ১১টি রাজ্য। সাইকেল যাত্রা শেষ হবে কন্যাকুমারীতে। পশ্চিমবঙ্গের বকখালি, হলদিয়া, দীঘা হয়ে ওড়িশায় পাড়ি দেবে সাইক্লোথন। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে এক সাংবাদিক বৈঠক থেকে এই যাত্রা সম্পর্কে বিস্তারিত জানান শীর্ষ আধিকারিকরা। আইজি শিখর সহায় বলেন, এই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা হৃদয় থেকে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই। সাধারণ মানুষ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথাবার্তা হবে। এদিন উপস্থিত ছিলেন শীর্ষ আধিকারিক কে প্রতাপ সিং, অজয় কুমার।



