Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘দেশে আর কোনও নিয়ন্ত্রণ নেই’, ফুলবাড়িতে জানালেন অসহায় বাংলাদেশিরা

‘দেশে আর কোনও নিয়ন্ত্রণ নেই’, ফুলবাড়িতে জানালেন অসহায় বাংলাদেশিরা
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ‘শেখ হাসিনার সরকার নেই। তাই বাংলাদেশে আর কোনও নিয়ন্ত্রণও নেই।’ ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরার সময় এই কথাই বললেন অসহায় বাংলাদেশিরা। তাঁদের কেউ কেউ অবিলম্বে দেশে শান্তি ফেরানোর জন্য ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। এদিকে, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য নিয়েও উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, বাংলাদেশ অশান্ত হওয়ায় উত্তরবঙ্গের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি ও আমদানি ইতিমধ্যেই হ্রাস পেয়েছে। 
Advertisement
অভ্যন্তরীণ গোলমালে উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। সাধুসন্ত, সন্ন্যাসীদের গ্রেপ্তারের প্রতিবাদে দেশে বিক্ষোভ অব্যাহত। এই প্রেক্ষাপটেই শুক্রবার ফুলবাড়ি সীমান্ত দিয়ে দেশে ফেরার পথে উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশিরা। তাঁদের মধ্যে বাংলাদেশের ঠাকুরগাঁয়ের বাসিন্দা শেখ হাসিমুল (নাম পরিবর্তিত) একজন। তিনি বলেন, কয়েকদিন আগে চিকিৎসার জন্য উত্তরবঙ্গে এসেছিলাম। এখন দেশে ফিরছি। যখন শেখ হাসিনার সরকার ছিল, তখন দেশে নিয়ন্ত্রণ ছিল। হানাহানি ছিল না। এখন দেশে কারও কোনও নিয়ন্ত্রণ নেই। আতঙ্কের মধ্যে দিয়ে দিনগুজরান করছি। 
কমল বর্মন (নাম পরিবর্তিত) নামে আর এক বাংলাদেশি বলেন, মাস খানেক আগে চিকিৎসার জন্য ভারতে এসেছিলাম। পাশাপাশি বিভিন্ন তীর্থস্থান পরিদর্শন করেছি। এখন দেশে ফিরছি। কিন্তু প্রতিদিনই দেশে হিন্দুদের উপর আক্রমণ চলছে। মন্দির ভাঙা হচ্ছে। লুঠপাট চলছে। এটা মানা যায় না। এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। শেখ হাসিমুল ও কমল বর্মনের মতো অন্যান্য বাংলাদেশিদেরও একই বক্তব্য। সকলেরই বক্তব্য, অবস্থা মোটেই ভালো নয়। যে কোনওমূল্যে শান্তি ফিরুক এটাই চাই। 
রাজ্যের অন্যান্য ইমিগ্রেশন চেকপোস্টগুলির মধ্যে ফুলবাড়ি অন্যতম। প্রশাসন সূত্রের খবর, এদিন সংশ্লিষ্ট ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে যাতায়াত করেছেন ১৪০ জন। যারমধ্যে বাংলাদেশ থেকে এসেছেন ২৮ জন ভারতীয় এবং বাংলাদেশে গিয়েছেন ১৩ জন। চিকিৎসা সহ বিভিন্ন প্রয়োজনে ৩৪ জন বাংলাদেশি এসেছেন উত্তরবঙ্গে। এখান থেকে দেশে ফিরেছেন ৫৪ জন বাংলাদেশি। আর বাংলাদেশ থেকে এখানে এসেছেন ১১ জন নেপালি। ইমিগ্রেশন চেকপোস্টের আধিকারিকরা জানান, বাংলাদেশ অশান্ত হলেও চেকপোস্ট খোলা রয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে। 
বাংলাদেশ অশান্ত হওয়ায় আমদানি-রপ্তানি বাণিজ্যে বেশ কিছুটা প্রভাব পড়েছে। ইতিমধ্যেই ফুলবাড়ি সহ উত্তরবঙ্গে বিভিন্ন স্থলবন্দরে পণ্য বোঝাই লরির সংখ্যা কমেছে। ভারতীয় ব্যবসায়ীরা এনিয়ে রীতিমতো উদ্বিগ্ন। ওয়েস্টবেঙ্গল এক্সপোর্টার কো-অর্ডিনেশন কমিটির রাজ্য সম্পাদক উজ্জ্বল সাহা বলেন, বর্তমান পরিস্থিতির জেরে ফুলবাড়ি, হিলি, মহদিপুর, চ্যাংরাবান্ধা সহ রাজ্যের প্রতিটি স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়েছে। ইতিমধ্যে সর্বত্রই লরির সংখ্যাও কমেছে। এতে ব্যবসা-বাণিজ্য অনেকটাই মার খাচ্ছে। গোটা পরিস্থিতি নিয়ে তাই দুশ্চিন্তা বাড়ছে।
সম্পর্কিত সংবাদ