Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘ঢপের সংগঠন’, সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতৃত্বকে কটাক্ষ অনুপমের

‘ঢপের সংগঠন’, সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতৃত্বকে কটাক্ষ অনুপমের
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: বঙ্গ বিজেপিকে আবারও কটাক্ষ করে ‘ঢপের সংগঠন’ আখ্যা দিয়ে ফেসবুক পোস্ট করলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। উল্লেখ্য, মোবাইল ফোনের মাধ্যমে বিজেপির সদস্য সংগ্রহ শুরু করেছে। কিন্তু রাজ্যে গেরুয়া শিবিরের সংগঠন না থাকার কারণে সদস্য সংগ্রহে হোঁচট খেতে হচ্ছে। টার্গেট পূরণের জন্য বিজেপি নেতারা একাধিক সিমকার্ড তুলে নিজেরাই এই সদস্য হওয়ার নাম নথিভুক্ত করছেন বলে অভিযোগ তুলে অনুপম ফেসবুকে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘টার্গেট পূরণ করার তাগিদে বঙ্গ বিজেপির সংগঠনের মাথায় বসে থাকা কোলাব্যাঙের নির্দেশে নেতারা নাকি পাঁচ-ছ’টা করে সিমকার্ড তুলছে। হায়রে ঢপের সংগঠন।’ চলতি মাস থেকেই মোবাইল ফোনের মাধ্যমে সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিজেপি। একটি মোবাইল নম্বরও চালু করেছে কেন্দ্রীয় কমিটি। সেই নম্বরে মিসড কল দিলেই এসএমএসের মাধ্যমে একটি নম্বর চলে আসবে কলারের কাছে। সেই নম্বরে ভোটার আইডি কার্ড নম্বর, নাম ও ঠিকানা লিখে পাঠালেই সদস্যপদ লাভ করা যাবে। বেশি সদস্য সংগ্রহ করার জন্য টার্গেট বেঁধে দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তরফে। তবে অনুপমের কটাক্ষকে আমল দিতে চায়নি জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী এই কর্মসূচি নেওয়া হয়েছে। কে ফেসবুকে বা অন্য কোথাও কী পোস্ট করছে তা আমরা জানি না। তৃণমূল নেতা কাজল শেখ বলেন, অনুপম হাজরা শিক্ষিত ছেলে। ঠিক কথাই বলেছেন। বিজেপির তো কোনও সংগঠন নেই, তাই এসব করে বেড়াচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ