Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘দিদিকে বলো’তে ফোনের গেড়ো, সেতুর কাজ আটকে আলিপুরদুয়ারে

‘দিদিকে বলো’তে ফোনের গেড়ো, সেতুর কাজ আটকে আলিপুরদুয়ারে
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি জরাজীর্ণ কাঠের সেতু ‘দিদিকে বলো’র গেড়োয় আটকে পড়েছে। পুরসভা ওই ওয়ার্ডের চৌত্রিশ নম্বর প্লটে থাকা ভগ্নপ্রায় কাঠের সেতুটি মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ করে ফেলেছিল। কিন্তু স্থানীয় বাসিন্দা ভোলা আচার্য হঠাৎ করে সেতুটি তৈরির দাবি জানিয়ে দিদিকে বলো-তে ফোন করায় এই বিপত্তি তৈরি হয়েছে। ফলে পুরসভা না পারছে সেতু মেরামতের কাজে হাত দিতে, না পারছে নতুন করে টেন্ডার ডাকতে। 
Advertisement
খোদ পুর এলাকায় স্বাধীনতার এতবছর পরেও বড় নালার উপরে থাকা কাঠের সেতুটি আর পাকা হয়নি। ওই কাঠের সেতু দিয়ে স্থানীয়দের সঙ্গেই পঞ্চায়েত এলাকা মাঝেরডাবরির বিস্তীর্ণ অংশের মানুষ শহরে যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে সেতুটির এখন ভগ্নদশা। 
সংস্কারের বালাই না থাকায় কয়েকটি জায়গা থেকে সেতুর কাঠের পাটাতন উঠে গিয়েছে। সেতুটির কাঠের খুঁটিগুলিতেও পচন ধরেছে। আবার দু’দিকে মাটি থেকে সেতুটি এক ফুট উঁচুতে। ফলে ওই সেতু পার হতে হোঁচট খেতে হয়। এজন্য দুর্ঘটনাও ঘটে মাঝেমধ্যে। কাঠের সেতু থেকে জলে পড়ে গিয়ে জখমও হয়েছেন অনেকে। 
জীর্ণ সেতুটি মেরামতে গতবছর পুরসভা টেন্ডার প্রক্রিয়া শুরু করেছিল। সংস্কারের জন্য খরচ ধরা হয়েছিল সওয়া দু’লক্ষ টাকা। কিন্তু ভোলা আচার্য সেতুটি পাকা করার দাবিতে দিদিকে বলোতে ফোন করায় পুরসভা আর কাজে হাত দিতে পারেনি। 
স্থানীয় কাউন্সিলার মৌসুমি বাগচি বিশ্বাস বলেন, চৌত্রিশ নম্বর প্লটে জরাজীর্ণ কাঠের সেতুটি মেরামতের জন্য পুরসভা থেকে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। কিন্তু ভোলা আচার্য নামে স্থানীয় এক বাসিন্দা ওই সেতু পাকা করার দাবিতে দিদিকে বলোতে ফোন করায় পুরসভা আর কাজে হাত দিতে পারেনি। কারণ দিদিকে বলো-র কাজ পুরসভার এক্তিয়ারের বাইরে। 
যদিও ভোলাবাবু বলেন, জরাজীর্ণ সেতুটি বর্তমানে বিপজ্জনক অবস্থায়। যেকোনও দিন ভেঙে পড়তে পারে। বেহাল সেতু দিয়ে যাতায়াত করতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। তাই দিদিকে বলোতে ফোন করতে বাধ্য হয়েছি। এখানে আমার দোষ কথায়। 
দিদিকে বলোতে ফোন করার জন্য পুরসভা অবশ্য ভোলাবাবুকে দায়ী করছে না। পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, যেকেউ স্থানীয় দাবি নিয়ে দিদিকে বলোতে ফোন করতেই পারেন। এতে অন্যায় নেই। তবে আশা করি খুব শীঘ্র সমস্যা মিটে যাবে।
সম্পর্কিত সংবাদ