Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

‘ছি রে ননী ছি’-ভাইরাল গানের কলিতে পঞ্চায়েত প্রধানকে কটাক্ষ করে পোস্টার

‘ছি রে ননী ছি’-ভাইরাল গানের কলিতে পঞ্চায়েত প্রধানকে কটাক্ষ করে পোস্টার
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ‘ছি ছি ছি রে ননী ছি’—সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওড়িয়া গান এবার রাজনীতির ময়দানে। গানের কলি ব্যবহার করে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানকে আক্রমণ তৃণমূলের। সম্প্রতি বগুলার বাসিন্দা নয় এরকম বেশ কয়েক হাজার ভুয়ো জন্ম শংসাপত্র ইস্যু করার অভিযোগ উঠেছে হাঁসখালি ব্লকের বগুলা-২ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। বিজেপি পরিচালিত সেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানাতেই গানের সঙ্গে তাল মিলিয়ে ছড়া বানিয়ে পোস্টার পড়ার ঘটনাটি ঘটেছে বুধবার। অভিনব এই প্রতিবাদ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 
Advertisement
এদিন সকালে পঞ্চায়েত এলাকার বিভিন্ন দেওয়ালে সাদা কাগজের উপর কালো কালিতে লেখা বেশ কিছু পোস্টার নজরে আসে এলাকাবাসীর। তার কোনওটিতে লেখা, ‘সদ্য প্রমাণিত দুর্নীতিগ্রস্ত বগুলা-২ এর বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’ কোনও পোস্টারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ‘ছি ছি রে ননী ছি,  চেয়ারে বসে দেড় বছরে করলি সোনা এ-কী! হাজার পাঁচেক জাল সার্টিফিকেট বেচে নিজের ভাগে কত পেয়েছিস?’ উভয় পোস্টারের নিচেই স্পষ্টভাবে লেখা, টিএমসি বগুলা। কী কারণে এই পোস্টার? তৃণমূল সূত্রের খবর, সম্প্রতি বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। যেখানে প্রায় সাড়ে ৪ হাজারেরও বেশি  ভুয়ো জন্ম সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই বিজেপির প্রধানের অজ্ঞাতে, এই কাজ হতে পারে না বলে দাবি ওঠে সব মহলের। 
বিষয়টি নিয়ে তৃণমূলের বগুলা ২ অঞ্চল সভাপতি পলাশ বিশ্বাস বলেন, ‘কয়েক কোটি টাকার বিনিময়ে বেআইনি কাজ হয়েছে। হাজার হাজার লোকের জন্মের জাল শংসাপত্র তৈরি করে দেওয়া হয়েছে। তাই আমরা এই পোস্টার লাগিয়েছি। আমরা চাই দুর্নীতিগ্রস্ত বিজেপির প্রধানের অবিলম্বে অপসারণ এবং দ্রুত গ্রেপ্তারি। শুধু আমরা নয়, সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে এই দাবিতে।’ তৃণমূলকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। বিষয়টি নিয়ে রানাঘাট উত্তর-পূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস বলেন, ‘তৃণমূলের তো বুথ সভাপতি থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত সকলেই দুর্নীতিতে যুক্ত। তাদের কাছে দুর্নীতির কথা শুনতে হবে? পঞ্চায়েতের সচিব প্রকাশ রায় একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। ২০১৮ থেকে ২০২৩ তৃণমূলের বোর্ড থাকাকালীন লাগামছাড়া দুর্নীতি হয়েছে। বিজেপি এই বোর্ড দখল নেয়ার পর প্রধানকে সম্পূর্ণ অন্ধকারে রেখে দুর্নীতি করে গিয়েছে পঞ্চায়েতের সচিব। আমাদের দলীয় তদন্ত বলছে প্রধান এর সঙ্গে যুক্ত নন।’
বেশ কিছুদিন আগে বগুলা-২ পঞ্চায়েতের বিরুদ্ধে হাজার হাজার জন্মের জাল শংসাপত্র তৈরির অভিযোগ উঠেছিল। বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতের সচিব সহ বেশ কিছু অস্থায়ী কর্মী গ্রেপ্তারও হন। 
 
Advertisement
সম্পর্কিত সংবাদ