Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘বাংলার বাড়ি’র তালিকা থেকে নাম বাতিল ৮০ জন শ্রমিকের

‘বাংলার বাড়ি’র তালিকা থেকে নাম বাতিল ৮০ জন শ্রমিকের
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: বেলগা‌঩ছির পর এবার মানঝা চা বাগান। ‘বাংলার বাড়ি’ তালিকা থেকে ফের নাম কাটা গেল দুঃস্থ চা শ্রমিকদের। মানঝা চা বাগানের ৮০জন শ্রমিকের নাম এই তালিকা থেকে বাতিল হয়েছে। যা জানতে পেরে গরিব শ্রমিকরা চরম ক্ষুব্ধ। মঙ্গলবার তাঁরা নকশালবাড়ি বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখান। বিডিও হাজির নেই জানতে পেরে শ্রমিকরা প্রায় কয়েকঘণ্টা অফিস চত্বরে বিক্ষোভ করেন। এই কর্মসূচির নেতৃত্ব দেন সিটুর জেলা সম্পাদক গৌতম ঘোষ। সার্ভে নিয়ে প্রশ্ন তুলে শ্রমিকরা বিডিও-র কাছে লিখিত অভিযোগ জমা দেন।
Advertisement
সোমবার একই অভিযোগ নিয়ে বেলগাছি চা বাগানের শ্রমিকরা বিডিওর কাছে সরব হয়েছিলেন। ওই চা বাগানের ১৫১জনের নামের তালিকা থেকে ৫০জনের নাম বাতিল হয়েছে। এদিকে ওই চা বাগানের ওপারে রয়েছে মানঝা চা বাগান। সেখানেও আবাসের তালিকা থেকে ৮০জনের নাম বাতিল হয়েছে। মানঝা চা বাগানের শ্রমিক সুনিতা এক্কা, ফিরোজ কুজুর, নির্মলা কিষাণ এদিন বিডিও অফিস চত্বরে দাঁড়িয়ে বলেন, বাগানের দৈনিক ২৫০টাকা মজুরি দিয়ে আমাদের সংসার চলে। সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে বাড়ি পরিচর্যা করেছি। সেক্ষেত্রে কংক্রিটের কিছু নির্মাণ দেখে সমীক্ষকরা নাম বাতিল করে দিয়েছেন। একইসঙ্গে তাঁর সংযোজন, নাম বাতিলের পর ওবজেকশন সংক্রান্ত কোনও নোটিস সম্পর্কে শ্রমিকদের জানানোও হয়নি। কাজের সূত্রে দুবেলা আমাদের বাগানে থাকতে হয়। সেক্ষেত্রে সরকারি প্রকল্পের পরিষেবা নিয়ে জানানোর কোনও উদ্যোগই নেয়নি ব্লক প্রশাসন।
সিটুর দার্জিলিং জেলা সম্পাদক বলেন, যারা প্রাপ্য তাদের নাম কাটা যাচ্ছে। শুধু এই বাগানে নয়, ব্লকের অধিকাংশ বাগানের একই পরিস্থিতি। এনিয়ে ব্লক প্রশাসন কোনও উদ্যোগ না নিলে শুক্রবার বৃহত্তর আন্দোলনে নামব। 
এনিয়ে নকশালবাড়ি বিডিও প্রণব চট্টরাজ বলেন, শ্রমিকদের অভিযোগ খতিয়ে দেখা হবে। নিয়মমতো নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যারা ওবজেকশন করেছেন তাদের বিষয়টি বিবেচনা করা হবে।
সম্পর্কিত সংবাদ