Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘বুক ডে’তে বই পেল না পুরুলিয়ার সাঁওতালি মাধ্যমের ৬টি স্কুল

‘বুক ডে’তে বই পেল না পুরুলিয়ার সাঁওতালি মাধ্যমের ৬টি স্কুল
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: বৃহস্পতিবার ২ জানুয়ারি বুক ডে পেরিয়ে গিয়েছে। অথচ পুরুলিয়া জেলার সাঁওতালি মাধ্যমের ছ’টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখনও সমস্ত বিষয়ের পাঠ্যপুস্তক পায়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে শুক্রবার সাঁওতালি শিক্ষক সংগঠনের তরফে জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
Advertisement
জেলা শিক্ষা পরিদর্শক(মাধ্যমিক) মহুয়া বসাক বলেন, আপাতত ছাত্রছাত্রীরা কিছু বিষয়ের পাঠ্যপুস্তক পায়নি। বিষয়টি রাজ্য শিক্ষাদপ্তরে জানানো হয়েছে। আশা করছি, খুব শীঘ্রই ছাত্রছাত্রীরা সমস্ত পাঠ্যপুস্তক পেয়ে যাবে।
জেলা শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে জেলায় পাঁচটি(সাঁতুড়িতে তিনটি, কাশীপুরে দু’টি) সাঁওতালি মাধ্যমের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া বান্দোয়ানে একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সাঁওতালি মাধ্যমের ছাত্রছাত্রীদের সমস্ত পাঠ্যপুস্তক রাজ্য সরকারের তরফে বিনামূল্যে দেওয়া হয়। বর্তমানে জেলার ওই ছ’টি বিদ্যালয়ে ৭০০ জনের বেশি ছাত্রছাত্রী রয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমস্ত বিষয়ের পাঠ্যপুস্তক হাতে পায়নি। ফলে সমস্যা দেখা দিয়েছে।
কাশীপুরের লহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে জানা গিয়েছে, সবচেয়ে বেশি সমস্যা অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখা দিয়েছে। পড়ুয়াদের গণিত, সাঁওতালি, ইতিহাস, ভূগোল, পরিবেশ বিদ্যার মতো পাঠ্যপুস্তক দেওয়া যায়নি। অন্যান্য শ্রেণির পড়ুয়ারাও সব পাঠ্যপুস্তক পায়নি।
আদিবাসী শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক শত্রুঘ্ন‌ মুর্মু বলেন, সাঁওতালি মাধ্যমের বিদ্যালয়গুলিতে সমস্ত বিষয়ের পাঠ্যপুস্তক আসেনি। তাই পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ পাঠ্যপুস্তক দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আমরা জেলা প্রশাসনকে অভিযোগ জানিয়েছি।
সম্পর্কিত সংবাদ