সংবাদদাতা, নকশালবাড়ি: ব্লুটুথ স্পিকারে ভূতুড়ে শব্দ শোনানোর পর থেকে ট্রমায় নকশালবাড়ির একটি ইংরেজিমাধ্যম স্কুলের একাধিক আবাসিক ছাত্রী বলে অভিযোগ। ইতিমধ্যে একজনের চিকিৎসা চলছে। অপরজন আতঙ্কে হস্টেল থেকে বাড়ি চলে গিয়েছে। এনিয়ে সরব হয়েছেন দুই ছাত্রীর অভিভাবক। অভিযোগ, ৩১ অক্টোবর রাতে আবাসিক ভবনে বিদ্যুতের মেইন সুইচ অফ করে গোটা হস্টেল অন্ধকার করে দেওয়া হয়। তারপর সিড়িতে স্পিকার লুকিয়ে রেখে দু ঘণ্টা ধরে ভূতুড়ে শব্দ শোনানো হয়। এতেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে দুই ছাত্রী। পরিবারের অভিযোগ, এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। মঙ্গলবার তাঁরা নকশালবাড়ির বিডিও এবং নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিস এবং প্রশাসন। আবাসিক স্কুলের হস্টেলে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নকশালবাড়িতে। স্কুলের অধ্যক্ষ প্রণেশ গাইন বলেন এটি মিথ্যা অভিযোগ। কালীপুজোর রাতে আশেপাশে ডিজেবক্স, পুজো পার্বন চলছিল। তাই নানা রকম শব্দ সৃষ্টি হয়। আমার কাছে অভিযোগ আসার পরই স্কুলের দুই স্টাফকে সাসপেন্ড করেছি। বাকি অভিযোগগুলির তদন্ত চলছে। তিনি জানান, স্কুলে ৩২৪ জন পড়ুয়া রয়েছে। তার মধ্যে ৭০ জন স্কুলের হস্টেলে থাকেন।
Advertisement
এই ব্যাপারে নকশালবাড়ি বিডিও প্রণব চট্টরাজ বলেন, অভিযোগ পেয়ে নকশালবাড়ি থানা এবং নকশালবাড়ি চক্রের এসআইকে তদন্তের নির্দেশ দিয়েছি।



