Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘ভুয়ো কর্মী’ নিয়োগ নিয়ে তৃণমূল ও আরএসপির মধ্যে তরজা বালুরঘাটে

‘ভুয়ো কর্মী’ নিয়োগ নিয়ে তৃণমূল ও আরএসপির মধ্যে তরজা বালুরঘাটে
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট পুরসভার প্রায় ৮০জন কর্মী বায়োমেট্রিকে উপস্থিতি দেননি। তবে অনেকেই পুরসভার দ্বারস্থ হয়েছেন। কিন্তু অধিকাংশেরই নাগাল পাওয়া যাচ্ছে না। ফলে সাফাইকর্মীদের মধ্যেই যে ভুয়ো কর্মী রয়েছে, তা কার্যত স্পষ্ট। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আরএসপি ওই ভুয়ো কর্মী নিয়োগ নিয়ে তৃণমূল পরিচালিত দুই বোর্ডের বিরুদ্ধেই আঙুল তুলেছে। এই অভিযোগ উঠতেই বামেদের দিকে পাল্টা আঙুল তুললেন খোদ পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তাঁর দাবি, বাম বোর্ডের আমল থেকে এই ভুয়ো কর্মী নিয়োগ হয়েছে। তবে চেয়ারম্যানের বক্তব্য, যাঁরা বায়োমেট্রিকের মাধ্যমে উপস্থিতি দেননি, তাদের স্ক্রুটিনি করে দেখা হচ্ছে। ভুয়ো কর্মী বেরলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 
Advertisement
পুরসভার চেয়ারম্যান বলেন,পুরো বিষয়টিকে স্বচ্ছ রাখতেই আমরা বায়োমেট্রিক চালু করেছি। তাতে প্রায় ৮০ জন কর্মী উপস্থিতি দেননি। যার ফলে আমাদের বেতন বাবদ ১০ লক্ষ টাকা কম দিতে হয়েছে। তবে এখনই ভুয়ো কর্মী বলা যাবে না।  অনেকেই আবেদন নিয়ে আসছেন। আমরাও স্ক্রুটিনি করে দেখছি। ভুয়ো হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 
আরএসপির অভিযোগের জবাবে চেয়ারম্যানের প্রতিক্রিয়া, যারা ভুলে ভরা তথ্য দিচ্ছে, তাদের আমলেই ভুয়ো কর্মী নিয়োগ হয়েছিল। তাদের বোর্ডের আমলে কেন বায়োমেট্রিক চালু হয়নি? আমরা কর্মীদের সুবিধার জন্য স্বচ্ছভাবে কর্মসংস্কৃতি ফেরাতে বায়োমেট্রিক সিস্টেম চালু করেছি। তৃণমূলের বোর্ডে কোনও ভুয়ো কর্মী নিয়োগ হয়নি। 
আরএসপির প্রাক্তন কাউন্সিলার প্রলয় ঘোষের দাবি, বিগত বোর্ড থেকে বহু ভুয়ো কর্মী নিয়োগ হয়েছে। তৃণমূলের নেতারা স্বজনপোষণ করেই ওই কর্মী নিয়োগ করেছেন। 
নভেম্বর মাস থেকে বালুরঘাট পুরসভার অস্থায়ী দিনমজুর কর্মীদের জন্য বায়োমেট্রিক সিস্টেম চালু করেছে। ডিসেম্বর মাসের সেই পরিসংখ্যানে দেখা গিয়েছে, প্রায় ৮০জন কর্মী বায়োমেট্রিকে উপস্থিতি দেননি। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে ওই ৮০জন কর্মী কারা? বিষয়টি খতিয়ে দেখছে পুর কর্তৃপক্ষ। 
সম্পর্কিত সংবাদ