Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

‘ভুয়ো চিকিত্সক’ অভিযোগে বিক্ষোভ ইসলামপুরে, জনরোষ থেকে উদ্ধার করল পুলিস

‘ভুয়ো চিকিত্সক’ অভিযোগে বিক্ষোভ ইসলামপুরে, জনরোষ থেকে উদ্ধার করল পুলিস
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: জনরোষ থেকে এক ‘চিকিত্সককে’ উদ্ধার করল পুলিস। বৃহস্পতিবার ইসলামপুরের বিহার বাসস্ট্যান্ড এলাকায় এ নিয়ে তুমুল হইচই বাধে। স্থানীয়রা ওই চিকিত্সককে ঘিরে বিক্ষোভ দেখান। পুলিস তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।  
Advertisement
স্থানীয় সূত্রে খবর, ইসলামপুর শহরের বিহার বাসস্ট্যান্ড এলাকার একটি ওষুধের দোকানে চেম্বার খুলে রোগী দেখতেন ওই চিকিৎসক। দীর্ঘদিন কয়েক বছর ধরে তার কাছে চিকিত্সা করাতে আসেন স্থানীয়রা। এদিন স্থানীয় একদল যুবক ওষুধের দোকানে গিয়ে চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ, ওই ব্যক্তি ভুয়ো ডিগ্রী নিয়ে চিকিৎসা করে চলেছে। তার জন্য রোগীদের সমস্যায় পড়তে হচ্ছে। এই অভিযোগে তুমুল বিক্ষোভ শুরু হয়। সেই সময় পুলিস এসে তাকে উদ্ধার করে। ওষুধের দোকানদার মহম্মদ হায়দার বলেন, এদিন দুপুরে কিছু স্থানীয় যুবক এসে চিকিৎসককে বলে, ‘আপনি বেআইনি কাজ করছেন’। এরপরই তারা ঝামেলা শুরু করে দেয়। ওঁর ডিগ্রি সঠিক কি না, তা আমিও জানি না। যদি উনি ভুয়ো ডিগ্রিধারী হন, তা হলে আমার দোকানে আর চেম্বার করতে দেব না। প্রায় ২বছর থেকে আমার এখানে বসে রোগী দেখছেন। অন্যন্য দোকানেও তিনি বসে রোগী দেখেন বলে শুনেছি।
এই ব্যাপারে ইসলামপুর থানার পুলিস জানিয়েছে, চিকিৎসককে ব্যক্তিগত বেলবন্ডে ছাড়া হয়েছে। ওঁর ডিগ্রি সঠিক কি না, তা জানার জন্য মুখ্যস্বাস্থ্য আধিকারিকের কাছে সমস্ত কাগজপত্র পাঠানো হবে। তাঁর থেকে রিপোর্ট না আসা পর্যন্ত ওই চিকিৎসক রোগী দেখতে পারবেন না। সিএমওএইচের রিপোর্টে ওপর ভিত্তি করেই আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ