সংবাদদাতা, মেদিনীপুর: ‘আবর্জনামুক্ত’ ভোটার তালিকা তৈরির ডাক দিল ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। রবিবার ডেবরা অডিটোরিয়ামে দলের এক সভা থেকে এই ডাক দেওয়া হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রীসভার দুই সদস্য মানস ভুঁইয়া ও শিউলি সাহা এবং জেলা পরিষদের সহ-সভাপতি তথা বিধায়ক অজিত মাইতি। এছাড়াও ছিলেন একাধিক বিধায়ক, পঞ্চায়েতের জন প্রতিনিধি ও দলীয় নেতৃত্ব। ডাকা হয়েছিল জেলার ১৫০০ বুথের দলীয় সভাপতিদেরও। বিজেপি কীভাবে ভোটার তালিকায় ভুয়ো এবং ভিনরাজ্যের ভোটারদের নাম তুলছে, তা নেতৃত্ব তাঁদের বক্তব্যে তুলে ধরেন। পাশাপাশি, আবর্জনামুক্ত ভোটার তালিকা তৈরি করতে, দলের নেতা-কর্মীদের দায়িত্ব পালনের আহ্বান জানান।
Advertisement
জেলা সভাপতি আশিস হুদাইত বলেন, প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা খুঁটিয়ে পরীক্ষা করতে বলা হয়েছে বুথ সভাপতিদের। ভুয়ো ভোটার বা এলাকার বাসিন্দা নয় এমন কারও নাম তালিকায় থাকলে, তা চিহ্নিত করতে হবে। সেইসব নাম বাতিল করার জন্য নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্ট ফর্মের মাধ্যমে আবেদন জানানো হবে। সেই নামগুলি বাদ দেওয়া হচ্ছে কি না, সেদিকেও কড়া নজর রাখতে হবে।
বুথ সভাপতিদের এই কাজে সহযোগিতা করতে মানসবাবু বিধায়ক ও পঞ্চায়েত প্রতিনিধিদের আহ্বান জানান। তিনি বলেন, আগামী সাতদিন আপনারা এই কাজে বুথ সভাপতিদের সমস্তরকম সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, অনেক বুথ লেভেল এজেন্ট দায়িত্ব পালন করেননি। মানসবাবু তাঁদের সবার ফোন নম্বর সহ নামের তালিকা তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দেন।
এদিন কলকাতায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলারও তীব্র নিন্দা করেন মানসবাবু। তিনি বলেন, ওঁকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। তিনি আরও বলেন, সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন নানা জায়গায় রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হবে। দলের নেতাদের সতর্ক নজর রাখতে হবে। কোনওভাবেই এসব বরদাস্ত করা হবে না। দলের পক্ষ থেকে প্রশাসনকেও তা জানিয়ে দিতে হবে।বুথ সভাপতিদের এই কাজে সহযোগিতা করতে মানসবাবু বিধায়ক ও পঞ্চায়েত প্রতিনিধিদের আহ্বান জানান। তিনি বলেন, আগামী সাতদিন আপনারা এই কাজে বুথ সভাপতিদের সমস্তরকম সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, অনেক বুথ লেভেল এজেন্ট দায়িত্ব পালন করেননি। মানসবাবু তাঁদের সবার ফোন নম্বর সহ নামের তালিকা তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দেন।



