সংবাদদাতা, করণদিঘি: ৩৪ নং জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের দু’জনের। শুক্রবার রাতে করণদিঘি থানার সাধনপুরের ঘটনা। মৃতের নাম সাগর সিংহ (২০) ও নীলরতন সিংহ (১৮)। সম্পর্কে তাঁরা তুতো ভাই। তাঁদের বাড়ি করণদিঘি থানার বেজুয়ার গ্ৰামে। শুক্রবার রাতে বাইকে চেপে সাগর ও নীলরতন করণদিঘিতে এক অনুষ্ঠানে যাওয়ার সময় লরির ধাক্কায় গুরুতর আহত হন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে করণদিঘি গ্ৰামীণ হাসপাতালে আনা হলে নীলরতনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সক। আশঙ্কাজনক অবস্থায় সাগরকে রায়গঞ্জ মেডিক্যালে পাঠানো হয়। কিন্তু তাঁকেও বাঁচানো যায়নি। মৃতের কাকা তপন সিংহ জানান, লরির সঙ্গে ধাক্কা লেগেই তাঁদের মৃত্যু হয়েছে। লরিটি পলাতক। করণদিঘি থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



