সংবাদদাতা, ইসলামপুর: রাস্তা পারাপারের সময় স্কুল ছাত্রীকে ধাক্কা লরির। সাইকেল নিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম দশম শ্রেণির ওই ছাত্রী। পুলিস এলেও তাকে হাসপাতালে না নিয়ে ঘাতক লরির পিছু নেয়। এতেই ক্ষিপ্ত হয়ে ইসলামপুরে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে ইসলামপুর বাইপাস রোডের ঘোরামারা প্রায় দেড় ঘণ্টা অবরোধ করেন তাঁরা। পরে পুলিস গিয়ে বুঝিয়ে অবরোধ তুলে দেয়।
Advertisement
স্থানীয়রা জানিয়েছেন,ঘোরামারা এলাকার বাসিন্দা নুরজবি সাইকেল চালিয়ে টিউশন পড়তে যাচ্ছিল। সে ইসলামপুর উর্দু মিডিয়াম গার্লস স্কুলে পড়ে। এদিন সড়ক পারাপারের সময় শিলিগুড়ি থেকে ডালখোলার দিকে যাওয়া একটি লরি তাকে ধাক্কা মারে। জখমকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বিক্ষোভকারী মনসুর আলম বলেন, পুলিসের টহল চলাকালীন দুর্ঘটনা ঘটেছে। পুলিসের সামনেই দুর্ঘটনাটি ঘটেছে। কিন্তু জখম কিশোরীকে পুলিস হাসপাতালে নিয়ে যায়নি। পুলিস গাড়ি নিয়ে ঘাতক গাড়ির পিছনে চলে যায়। জখমের সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে জীবন হারাতে পারত। তাই এই বিক্ষোভ দেখানো হয়েছে। গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখার মতো দাবিও উঠেছে বিক্ষোভ থেকে।
এই ঘটনায় অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা বলেন, ঘাতক গাড়িটি ধরার জন্য পুলিস পিছনে ছুটেছিল। ঘাতক গাড়িটি আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এই ঘটনায় অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা বলেন, ঘাতক গাড়িটি ধরার জন্য পুলিস পিছনে ছুটেছিল। ঘাতক গাড়িটি আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



