নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে কয়েকদিনের মধ্যে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তার সরাসরি কোনও প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে না। মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এজন্য শীতের আমেজ আপাতত কিছুটা থমকে থাকারই সম্ভাবনা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের কাছে নিম্নচাপটি মঙ্গলবারও অবস্থান করছিল। এর সরাসরি কোনও প্রভাব দক্ষিণবঙ্গে পড়েনি। কিন্তু উত্তুরে হাওয়া থমকে গিয়েছে। সক্রিয় হয়েছে পুবালি ও দখিনা বাতাস। তার ফলে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে এবং দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু জায়গায় তাপমাত্রা বেড়ে গিয়েছে। আপাতত এই প্রবণতা থাকবে। এদিকে আগামী ২২ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। সেটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে যাবে এবং শক্তি বৃদ্ধি করবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, এই নিম্নচাপটির রাজ্যে সরাসরি প্রভাব ফেলার সম্ভাবনা কম। তবে এর জন্য উত্তুরে হাওয়া সক্রিয় হবে না। পুবালি ও দখিনা বাতাসের কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি মাত্রায় ঢুকবে। ফেব্রুয়ারির তৃতীয়-চতুর্থ সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে আসার ঘটনা গত বছরদশেকের মধ্যে একাধিকবার হয়েছে। এবারও তা হবে কি না, তা নির্ভর করছে বঙ্গোপসাগরের নিম্নচাপগুলির মতিগতির উপর। আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে। সোমবারের তুলনায় মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার (১৮.৫ ডিগ্রি) তেমন হেরফের হয়নি। কিন্তু পুরুলিয়াসহ অনেক জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। দক্ষিণবঙ্গে এদিন সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে (১৪.৬ ডিগ্রি)। আবহাওয়াবিদরা জানান, তাপমাত্রার উপর স্থানীয় কিছু পরিস্থিতিও প্রভাব ফেলে। তাই এই পরিস্থিতিতেও একাধিক স্থানে এদিন তাপমাত্রা বেড়েছে। কোথাও আবার তা রয়েছে মোটামুটি একই। চলতি সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আসতে পারে।



