Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিম্নচাপ সরল উত্তর-পূর্বে, বিলম্বিত বর্ষা দক্ষিণবঙ্গে

নিম্নচাপ সরল উত্তর-পূর্বে, বিলম্বিত বর্ষা দক্ষিণবঙ্গে
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপটি শুক্রবার বাংলাদেশ অতিক্রম করে উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ে ঢুকে পড়েছে। অতিগভীর নিম্নচাপটি ক্রমশ দুর্বল হচ্ছে। তবে নিম্নচাপের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব ভারতে। বাংলাদেশের অনেক জায়গায় বন্যাপরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি বৃহস্পতিবার দুপুর নাগাদ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি এলাকা দিয়ে স্থলভূমিতে প্রবেশ করে। দুই ২৪ পরগনার কিছু অংশ পেরিয়ে এটি বৃহস্পতিবার রাতের দিকে বাংলাদেশে প্রবেশ করে। শক্তিশালী নিম্নচাপ হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি তুলনামূলকভাবে কম হয়েছে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার কিছু অংশে খানিকটা বেশি বৃষ্টি হয়েছে। এর কারণ হিসেবে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, নিম্নচাপটি উত্তর এবং উত্তর-পূর্ব অভিমুখে গিয়েছে। নিম্নচাপের সঙ্গে থাকা বৃষ্টির মেঘ ওই অভিমুখে সরে গিয়েছে দ্রুত। এই কারণে বাংলাদেশে বেশি বৃষ্টি হয়েছে। তারপর উত্তর-পূর্ব ভারতের মেঘালয় ও সংলগ্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। মেঘালয়ের উপর এটি আরও দুর্বল হয়ে শুক্রবার রাতের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বলে আবহাওয়া দপ্তর আশা করছে। 

Advertisement

নিম্নচাপটি সরে যাওয়ার পর এবার দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে। আজ শনিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোনও কোনও জায়গায় বৃষ্টি হতে পারে। তারপর বৃষ্টি আরও কমবে। পাশাপাশি বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প অধিক মাত্রায় থাকার ফলে বেশি তাপমাত্রায় ভ্যাপসা গরমে জেরবার হতে হবে। দক্ষিণবঙ্গের উপকূলের প্রায় দোর গোড়ায় বর্ষা পৌঁছে গেলেও আপাতত সেটি থমকে যাবে। আবহাওয়া অধিকর্তা জানান, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখন কয়েকদিন সময় লাগবে। দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় অবশ্য ১০ জুন। নিম্নচাপের প্রভাবে বর্ষা এবার তাড়াতাড়ি ঢুকে যাবে এমন আশা আবহাওয়াবিদরা করছিলেন। কিন্তু নিম্নচাপটি দ্রুত উপকূল অতিক্রম করে দূরে সরে যাওয়ায় আপাতত তা হচ্ছে না। স্বাভাবিক সময়ের দিন সাতেক আগেই, বৃহস্পতিবার বর্ষা ঢুকে পড়ে উত্তরবঙ্গে এবং তা দক্ষিণ দিনাজপুর পর্যন্ত চলে এসেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ