Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অষ্টমী-নবমী নাগাদ আবার নিম্নচাপ! দক্ষিণবঙ্গে প্রভাব নিয়ে এখনও নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর

পুজোর মধ্যেই ৩০ সেপ্টেম্বর-১ অক্টোবর   (অষ্টমী-নবমী) নাগাদ উত্তর বঙ্গোপসাগর ও তার লাগোয়া অংশে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে।

অষ্টমী-নবমী নাগাদ আবার নিম্নচাপ! দক্ষিণবঙ্গে  প্রভাব নিয়ে এখনও নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মধ্যেই ৩০ সেপ্টেম্বর-১ অক্টোবর   (অষ্টমী-নবমী) নাগাদ উত্তর বঙ্গোপসাগর ও তার লাগোয়া অংশে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। বৃহস্পতিবার জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে সেটির প্রভাব রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে কতটা পড়বে সেই ব্যাপারে আলিপুর অবহাওয়া দপ্তর এদিন কিছু জানায়নি। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পুজোর দিনগুলির আবহাওয়া সংক্রান্ত দ্বিতীয় বিশেষ পূর্বাভাসটি আজ শুক্রবার তাঁরা প্রকাশ করবেন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাসটি বিশ্লেষণ করেই এটি দেওয়া  হবে। 

Advertisement

উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে বৃহস্পতিবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়ে যাবে বলে আবহাওয়া দপ্তর আশা করছে। এই নিম্নচাপটি উত্তর-পশ্চিম ও লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর শুক্রবার শক্তি বাড়াবে। গভীর নিম্নচাপ হিসেবে এটি দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূল দিয়ে এটি শনিবার স্থলভূমিতে প্রবেশ করার পর মধ্য ভারতের দিকে সরে যাবে। 
আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, এই গভীর নিম্নচাপটির সরাসরি প্রভাব দক্ষিণবঙ্গের উপর পড়বে না। তবে গভীর নিম্নচাপটি বড়ো এলাকাজুড়ে অবস্থান করার জন্য ও এখন বর্ষা বিদায়ের সময় হওয়ায় এর পরোক্ষ প্রভাব কিছুটা পড়বে। শনিবার পঞ্চমীর দিন দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রাম জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রমেঘ সৃষ্টি হয়ে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোনও কোনও জায়গায় হতে পারে। বজ্রবৃষ্টির মাত্রা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। এখানে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যত্র ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে শনিবার। আজ শুক্রবার এবং রবিবার মহাষষ্ঠীর দিনও বজ্রমেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সোমবার মহাসপ্তমীর দিন দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কোনও কোনও স্থানে বজ্রমেঘ থেকে বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, এখন যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার বেশি প্রভাব পড়বে শনিবার। সাধারণভাবে দক্ষিণবঙ্গে সোমবার মহাসপ্তমী ও মঙ্গলবার মহাষ্টমীর দিন আবহাওয়া তুলনামূলকভাবে ভালো থাকবে। মহানবমীর রাত থেকে ও দশমীর দিন আবহাওয়ার কিছুটা অবনতি হওয়ার আশঙ্কা আছে, পরে যে নিম্নচাপটি তৈরি হতে চলছে তার জন্য। আজ শুক্রবার আবহাওয়া দপ্তর পুজো উপলক্ষ্যে ফের যে বিশেষ পূর্বাভাসটি দেবে তাতে এর ইঙ্গিত থাকতে পারে। আপাতত বলা হয়েছে, সপ্তমী থেকে নবমী পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার তৃতীয়ার দিন সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রমেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর জোরালো বৃষ্টি হয় কলকাতা ও শহরতলির কিছু এলাকায়। আবহাওয়াবিদরা বলছেন, বর্ষা মরশুমে বাতাসে বেশি পরিমাণে জলীয় বাষ্প আছে। রোদ উঠলে চড়া তাপমাত্রায় ওই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বিভিন্ন জায়গায় বজ্রমেঘ তৈরি হচ্ছে। এই প্রবণতা আজ শুক্রবারও থাকবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ