নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, রবিবার পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার ওই এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিম্নচাপটির গতিপ্রকৃতি কীরকম হবে, তা নিয়ে আজ রবিবার আরও নির্দিষ্টভাবে বলা যাবে। তবে আপাতত মনে হচ্ছে, এটির প্রভাব ওড়িশাতে তুলনামূলক বেশি হবে। দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া ও কাছাকাছি এলাকায় নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা আছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবারও ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। সাধারণভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। মৌসুমি অক্ষরেখা কিছুটা দক্ষিণবঙ্গের উপর রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।



